ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুর্শিদা খাতুন শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের জানুয়ারিতে। দেড় বছর পর আবার জাতীয় দলে ফিরেছেন তিনি। হঠাৎ বাঁ হাতি এই ওপেনারকে ওয়ানডে দলে নেওয়ায় প্রশ্ন উঠেছে। ২৭ বছর বয়সী এই ব্যাটারকে দলে নিতে স্কোয়াড ১৫ জন থেকে বাড়িয়ে ১৬ জন করা হয়েছে। জাতীয় দল নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফ যে ১৫ জনের তালিকা দিয়েছিলেন, মুর্শিদা সেখানে ছিলেন না বলে জানা গেছে। বিসিবির একটি সূত্র জানায়, মুর্শিদাকে স্কোয়াডে সম্পৃক্ত করেছে নারী বিভাগ। এ ব্যাপারে নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, মুর্শিদা নারী ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ভালো খেলেছেন।
নারী ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ম্যাচ ৬১ রানের ইনিংস খেলেন মুর্শিদা। ওই হাফ সেঞ্চুরি জাতীয় দলে ফেরার জন্য যথেষ্ট কিনা জানতে চাওয়া হলে রফিকুল ইসলাম বলেন, ‘মুর্শিদা আগেও জাতীয় দলে খেলেছে। তাকে জাতীয় দলে নেওয়া হচ্ছিল না অনেক দিন। দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র সে ভালো খেলেছে। ভালো খেলোয়াড় হিসেবেই দলে ঢুকেছে।’
স্ট্রেলিয়া সফরের জন্য ১৫ জনের দলে তিনজন ওপেনার শারমিন সুলতানা, ফারজানা হক পিঙ্কি ও দিলারা আক্তার। শারমিন ও ফরজানা নিয়মিত ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে শারমিন ভালো করতে না পারলেও আরেকটি সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকরা। প্রশ্ন হচ্ছে, উইকেটরক্ষক-ব্যাটার দিলারা যেখানে বিকল্প ওপেনার, সেখানে চতুর্থ ওপেনার মুর্শিদাকে অস্ট্রেলিয়া সফরে নেওয়া কেন? এ নিয়ে রফিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওয়ানডে ও টি২০ খেলা হওয়ার কথা ছিল। টি২০ সিরিজ থাকলে আরও দুজন ক্রিকেটার বাড়ত। ওয়ানডে সিরিজ শেষে দুজন দেশে ফিরত। মুর্শিদা ভালো খেলায় নেওয়া হয়েছে।’
নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফের বাইরে গিয়ে একজন ক্রিকেটারকে দলে নেওয়ায় দল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। তিন ম্যাচের জন্য বাড়তি খেলোয়াড় নেওয়া রহস্যজনক। নাজমুল হোসেন শান্তদের টেস্ট সিরিজ খেলার জন্যও অতিরিক্ত খেলোয়াড় নেওয়া হয়নি। সেখানে মুর্শিদা খাতুনকে দলে নেওয়ার কারণ জানতে চেয়ে নারী বিভাগের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনকে ফোন করা হলে কথা বলতে রাজি হননি। ফোনে পাওয়া যায়নি নির্বাচক হাসিবুল হোসেন শান্তকে। মুর্শিদা ৩২টি ওয়ানডে খেলে ৫৬৫ রান করেছেন।
বাংলাদেশ নারী ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম পিঙ্কি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments