ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃষ্টিতে প্রথম দুটি ম্যাচ ভেসে যাওয়ায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা– উভয় দল সমঝোতার মাধ্যমে সূচিতে একটু পরিবর্তন এনেছিল। একটি বাড়তি ওয়ানডের জন্য দিন নির্ধারণ করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা।

আগামী রোববার কলম্বোর সিংহলিজ ক্লাবে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু আইসিসি এ সূচি পরিবর্তনে অনুমোদন দেয়নি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ পুরোনো সূচি অনুযায়ী শেষ হয়ে গেছে। যেখানে ১-০ ব্যবধানে জয়লাভ করেছে স্বাগতিকরা।
প্রথম ওয়ানডে ৩৬.৪ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডেতে এক বলও মাঠে গড়ায়নি। আর বৃষ্টিতে ৩০ ওভারে নেমে আসা তৃতীয় ওয়ানডেতে ৫৮ রানে জেতে শ্রীলঙ্কা।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ছিল আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। তাই চাইলেই কোনো বোর্ড এ সিরিজের সূচিতে পরিবর্তন আনতে পারবে না। আইসিসির অনুমতি নিয়ে করতে হবে সবকিছু।
আইসিসি শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়ে দিয়েছে, এ সিরিজের সূচিতে পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা এস এম গোলাম ফাইয়াজ, ‘আমরা এখন পর্যন্ত যা জানি, নতুন সূচিতে ৭ তারিখে যে ম্যাচটি নেওয়া হয়েছিল, সেটি আর হচ্ছে না। অর্থাৎ ওয়ানডে সিরিজ শেষ।’ ৯ মে শুরু হবে টি২০ সিরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments