ডেইলি শেয়ারবাজার ডেস্ক উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও বিশেষ গুরুত্বপূর্ণ চলাচলের পথগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্থাপন করা হয়েছে উচ্চপ্রযুক্তির নিয়ন্ত্রণকক্ষ। সেখান থেকে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের বহরের চলাচল এবং রাজধানীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন।
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ব্রিকস সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিয়ে সম্মেলনে আলোচনা হতে পারে।
এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়ছে। ফলে এবারের শীর্ষ সম্মেলনে কী সিদ্ধান্ত আসে এবং সদস্য দেশগুলো বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে কী অবস্থান নেয়, সেদিকে বিশেষ নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments