ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আল্লু অর্জুনকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের হায়দরাবাদের একটি আদালত। আগামী সোমবার (২২ জুন) তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনা-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, আল্লু অর্জুনের আগমন সম্পর্কে আগে থেকেই অবগত থাকা সত্ত্বেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি।
পুলিশের দাখিল করা চার্জশিটে আল্লু অর্জুন, তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ সদস্য, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ওই চার্জশিটের ভিত্তিতেই সংশ্লিষ্ট সবাইকে আদালতে তলব করা হয়েছে।
আগামী সপ্তাহ থেকে মামলাটির আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনার জেরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে একই দিন তেলেঙ্গানা হাই কোর্ট তাকে জামিন দেন। তা সত্ত্বেও আইনি প্রক্রিয়ার কারণে তাকে এক রাত পুলিশ হেফাজতে থাকতে হয়েছিল।
২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। এর আগের দিন ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে সেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হলে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে মারা যান। এ ঘটনায় তার ৯ বছর বয়সী ছেলে তেজ গুরুতর আহত হয় এবং দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments