ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমানতের বিপরীতে দেওয়া সুদ বা মুনাফা থেকে আয়কর আইন অনুযায়ী সঠিক হারে উৎসে কর (টিডিএস) কাটার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কর কর্তনের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার লেটার জারি করা হয়। এতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনাগুলো মেনে চলতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের আমানতের বিপরীতে পরিশোধিত সুদ বা মুনাফা থেকে উৎসে কর কর্তন এবং কর্তন করা কর নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি দেখা যাচ্ছে। আইন অনুযায়ী সঠিক হারে কর না কাটার কারণে পরবর্তী সময়ে কর সমন্বয় ও নিরীক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে সঠিকভাবে কর কর্তন না করায় সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।
সার্কুলারে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১০২ ধারা অনুযায়ী ব্যাংকগুলোকে গ্রাহকের সঞ্চয়ী, স্থায়ী, মেয়াদি বা অন্য কোনো ধরনের আমানতের বিপরীতে পরিশোধিত সুদ বা মুনাফা থেকে প্রাপকের ধরন অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কাটতে হবে।
এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর ১৪২ ধারা অনুযায়ী, কোনো করদাতা রিটার্ন দাখিলের প্রমাণ বা ‘প্রুফ অব সাবমিশন অব রিটার্ন’ (পিএসআর) দিতে ব্যর্থ হলে প্রযোজ্য হারের চেয়ে ৫০ শতাংশ বেশি হারে উৎসে কর কর্তন বা সংগ্রহ করতে হবে।
নির্দিষ্ট সময়েই কোষাগারে জমা দিতে হবে
কর্তন করা উৎসে কর নিজেদের হিসাবে ধরে না রেখে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উৎসে কর বিধিমালা, ২০২৩-এর ৮ ধারার বিধান অনুযায়ী, অর্থবছরের জুলাই থেকে মে মাসে কোনো কর কর্তন বা সংগ্রহ করা হলে তা কর্তন বা সংগ্রহের মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
অর্থবছরের জুন মাসের প্রথম থেকে ২০তম দিনের মধ্যে কোনো কর কর্তন বা সংগ্রহ করা হলে তা সংশ্লিষ্ট কর্তন বা সংগ্রহের দিনের পরবর্তী সাত দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। আর জুন মাসের অন্য যেকোনো দিনে কর কর্তন বা সংগ্রহ করা হলে পরবর্তী দিনেই তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ব্যাংক কর্তৃক কর্তন করা উৎসে কর কোনোভাবেই নির্ধারিত সময়সীমার বেশি সাধারণ খাতায় (জেনারেল লেজার) বা অন্য কোনো হিসাবে রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে উৎসে কর কর্তনের তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিবরণী ও চালানের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, উৎসে কর কর্তন ও সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধানও যথাযথভাবে অনুসরণ করতে হবে।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments