রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমিরের সফরসঙ্গী জেনেলিয়া
spot_img

আমিরের সফরসঙ্গী জেনেলিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনেতা ইমরান খানের বলিউড দুনিয়ায় টেনে এসেছিলেন তাঁর মামা বলিউড সুপারস্টার আমির খান। নিজেই প্রযোজনা করেছিলেন ভাগনের অভিষেক সিনেমা ‘জানে তু ইয়া জানে না’। তারুণ্যনির্ভর গল্পের এই সিনেমার জন্যই এক চটপটে তরুণীর সন্ধানে ছিলেন আমির। শেষমেশ তাঁর আতশ কাচের নিচে ধরা পড়েছিলেন জেনেলিয়া ডি’সুজা নামের তরুণী, যে বলিউডে পা রাখার আগেই দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন। মিষ্টি মুখ, নিষ্পাপ অভিব্যক্তি, সাবলীল অভিনয় থেকে শুরু করে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার অদিতি চরিত্রের জন্য আমির যেমন অভিনেত্রী চেয়েছিলেন, তার সবকিছু খুঁজে পেয়েছিলেন জেনেলিয়ার মাঝে।

নায়িকা নির্বাচনে আমির যে ভুল করেননি, তা অনিন্দ্য অভিনয় দিয়ে প্রমাণ করেছিলেন জেনেলিয়া নিজেও। যার সুবাদে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জানে তু ইয়া জানে না’ অগণিত দর্শকের প্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।

এখন প্রশ্ন করতেই পারেন, হঠাৎ এ সিনেমা নিয়ে নতুন করে আলোচনা শুরুর কারণ কী? কারণ, দর্শককে চমকে দিতে আরও একবার জেনেলিয়াকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন আমির। এবার ভাগনে ইমরান নয়, আমির নিজেই তাঁর সিনেমার জন্য নতুন সফরসঙ্গী বেছে নিয়েছেন জেনেলিয়াকে।

আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। যার সুবাদে তিন বছর পর সিনেমা পর্দায় দেখা মিলতে যাচ্ছে ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমিরের। একইভাবে জেনেলিয়াকেও অনেক দিন পর দেখা যাবে বলিউড সিনেমায়। এরই মধ্যে সিনেমাটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক নানারকম কথা শোনা যাচ্ছে। ক’দিন আগে কিছু মানুষ এ সিনেমা বয়কটের ডাকও দিয়েছিলেন। তবে কোনো কিছুকে পাত্তা না দিয়ে সিনেমাটি মুক্তি দিতে বদ্ধপরিকর আমির ও তাঁর সিনেমার সহপ্রযোজক অপর্ণা পুরোহিত।

এদিকে স্ক্রিনিংয়ের পর চলচ্চিত্র সমালোচকরাও এ সিনেমা নিয়ে আশার কথা শুনিয়েছেন। তাদের মতে, এ সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর গল্প। যেখানে দেখা যাবে এক বাস্কেটবল কোচ, একটি টুর্নামেন্টের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি দল তৈরিতে লেগে পড়েন। এ কাজটি করতে গিয়ে একে একে জন্ম নিতে থাকে নানা ঘটনা। যে ঘটনাগুলো দারুণভাবে মনকে নাড়া দেবে। গল্প ছাড়াও সিনেমার শিল্পী নির্বাচনে আমির ও পরিচালক আরএস প্রসন্নের প্রশংসা করতেও দ্বিধা করেননি চলচ্চিত্র সমালোচকরা। আমির খান ও জেনেলিয়া দেশমুখের [অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে বিয়ের পর ডি’সুজা পদবি বদলে দেশমুখ হয়েছেন] পাশাপাশি এ সিনেমায় নতুন যে দশটি মুখের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, সেই আরুষ দত্ত, গোপীকৃষ্ণ বর্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুশ ভানসালি, আশিষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর সবাই দারুণ অভিনয় করেছেন বলে তাদের অভিমত। যে কারণে স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনিজ’-এর অনুপ্রেরণায় নির্মিত ‘সিতারে জমিন পার’ যে দর্শক মনে দাগ কাটবে– তা নিয়ে সংশয় নেই কারও মনে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments