ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক পর্যায়ে দুটি সম্মাননা পেয়েছে। প্রতিষ্ঠানটি ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ পুরস্কার অর্জন করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বৈশ্বিক নীতি ফোরামে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংক জানায়, অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে নিজেদের নির্ধারিত লক্ষ্যমাত্রা গ্রহণ করে। এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও প্রতিষ্ঠানটি এ পুরস্কার অর্জন করে।
এ ছাড়া নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য বাংলাদেশ ব্যাংককে ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। জেন্ডার অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ মোট ৮৯টি প্রতিষ্ঠান এ সংগঠনের সদস্য।
প্রতিবছর সংগঠনটির আয়োজিত বৈশ্বিক নীতি ফোরামে আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য সদস্যদের বিভিন্ন শ্রেণিতে পুরস্কৃত করা হয়। এবারের ফোরামে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক এবং আর্থিক অন্তর্ভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনসহ ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments