রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিই-ঋণ স্কিমের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক, মিলবে ৫০ হাজার টাকা
spot_img
spot_img

ই-ঋণ স্কিমের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক, মিলবে ৫০ হাজার টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার সুযোগ রেখে ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ স্কিমের আওতায় ঋণ বিতরণ করা যাবে। ব্যাংকে না গিয়েই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আবেদন, ঋণের অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।

গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত সার্কুলার জারি করে স্কিমটির নীতিমালা হালনাগাদ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিশ্লেষণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল আর্থিক সেবা এবং ই-ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা ঋণের আবেদন থেকে শুরু করে অর্থ গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন।

এ স্কিমে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।

ই-ঋণ স্কিমের আওতায় ঋণ বিতরণে সমাজের বিভিন্ন প্রান্তিক ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী মানুষ এবং প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা ব্যক্তিরা।

এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ নিতে পারেন না, তাদের জন্য অর্থায়নের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ই-ঋণ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সহজলভ্য হলে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড বাড়বে। পাশাপাশি মোবাইল অ্যাপ ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্যাংকিং লেনদেনে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে।

এ উদ্যোগের ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনের প্রসারেও সহায়তা মিলবে। অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই স্কিমটি হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments