ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদুল আজহায় মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। সিনেমার মধ্যে সবচেয়ে আলোচনায় মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহের সংখ্যায় ও শোতে এখনো এগিয়ে রয়েছে। আয়েও রেকর্ড গড়েছে। পাশাপাশি অন্য সিনেমাগুলোও দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। এ সিনেমাগুলোর আয়ের দিক থেকে বলা যায় নতুন দিনের মুখ দেখছে ঢালিউড।
ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে তাণ্ডব, এখন সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা ৪৫। এ ছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় ‘তাণ্ডব’। সিনেমাটির আয় প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা প্রথম পাঁচ দিনের হিসাব পেয়েছি। সেখানে আমাদের গ্রস সেল পাঁচ কোটির বেশি। এই আয় আরও বাড়বে। মাঝখানে কিছুটা দর্শক কমলেও এখন আবার আগের মতো দর্শক দেখছেন।’ সিনেমার প্রযোজনা–সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, সিনেমাটির পরবর্তী পাঁচ দিনের আয় আরও চার কোটি টাকার বেশি।
এদিকে শুরুতে মাল্টিপ্লেক্সে ৯টি প্রদর্শনী পেয়েছিল ‘উৎসব’। পরিচালক তানিম নূর সিনেমাটি মুক্তির আগের দিন জানিয়েছিলেন, দর্শক পছন্দ করলে তাদের সিনেমার হল বাড়বে। সেটাই হয়েছে। আয়েও এগিয়ে রয়েছে ‘উৎসব’। এখন সিনেমাটির ১৫টি শো চলছে।
পরিচালক তানিম বলেন, ‘আমাদের সিনেমাটি মাল্টিপ্লেক্সে কয়েকটি শো নিয়ে যাত্রা শুরু করে। সেখান থেকে দর্শক সিনেমাটি গ্রহণ করেছে। পরে হলসংখ্যা অপ্রত্যাশিতভাবে বাড়ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সিনেমাটি দর্শকদের দেখাতে চাই।’ তিনি জানান, গত ৯ দিনে ‘উৎসব’ আয় করেছে এক কোটির বেশি টাকা। এ হিসাব গত সোমবার পর্যন্ত। এ আয়ের সঙ্গে গত দুই দিনে যোগ হবে আরও ২০ লাখ টাকার বেশি।
































Recent Comments