ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তখন শেষের দিকে ইংল্যান্ডের অনুশীলন। অধিনায়ক জস বাটলারের ব্যাটিং করা হয়ে গেছে। উইকেটকিপিংয়ে চালিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন একাডেমিতে থাকা একজন বাংলাদেশি লেগস্পিনারকে ডেকে নিয়ে আসেন তিনি, এরপর ওই নেট বোলারকে নিয়ে চলে তার ‘বিশেষ অনুশীলন।

উপমহাদেশে খেলা বলে কথা। তাও আবার শের-ই-বাংলার মতো স্পিনিং উইকেটে। ইংল্যান্ড দলে আছেন আদিল রশিদ, রেহান আহমেদের মতো লেগস্পিনার। তাদের বল যে শের-ই-বাংলার উইকেটে আলাদা টার্ন করবে সেটা ভালোভাবেই জানেন বাটলার। তাইতো অনুশীলনের প্রথম দিন থেকেই লেগস্পিনে কিপিংয়ের বিশেষ অনুশীলন করে প্রস্তুত হওয়ার চেষ্টা করেছেন।
ওই নেট বোলারের পরিচয়- আতিকুজ্জামান সাজু, তিনি রবি স্পিন হান্টে চতুর্থ হওয়া কিশোরগঞ্জের লেগস্পিনার। অনুশীলন শেষে রাইজিংবিডিকে সাজু শুনিয়েছেন বাটলারকে বোলিংয়ের গল্প, ‘নেট বোলাররা সবাই ব্যস্ত। একজন লেগস্পিনারকে খুঁজছিলেন বাটলার। তখন আমি ফ্রি ছিলাম। তিনি (বাটলার) আমাকে ডাকলেন এবং বললেন, স্বাভাবিক বোলিং করার জন্য। আমি প্রথম কয়েকটা বল করতেই তিনি সন্তষ্ট হন।’
সাজু শেষ পর্যন্ত স্বাভাবিকভাবে তার সহজাত বোলিং করতে পারেননি। বাটলার তাকে শিখিয়ে দেন, কোন বল কীভাবে করতে হবে, কোথায় বল ফেলতে হবে! সাজু বলেন, “বাটলার আমাকে লেন্থ পরিবর্তন করতে বলছিলেন, বলেছেন- ‘এই লেন্থে করো, ওই লেন্থে করো।’ এরপর জিজ্ঞেস করেন, আমি গুগলি পারি কি না। আমি বলেছি, পারি। এরপর তিনি বলেন, ব্যাটসম্যানের পায়ে গুগলি করলে বল স্টাম্পের বাইরে চলে আসে। এটা করার পর তিনি খুশি হয়েছেন। পাশের একজনকে ডেকে বলছিলেন যে, ‘ও খুব ভালো বোলিং করে।’”
বাটলারকে বোলিংয়ের সময় ইংল্যান্ডের স্পিন কোচের চোখে লাগে সাজুকে। এগিয়ে এসে তাকে পরামর্শ দেন কীভাবে বোলিং করতে হবে। সাজু বলেন, ‘বাটলার আমাকে কোনো পরামর্শ দেননি। তবে স্পিন কোচ আমাকে বলেছেন, যে গতিতে বোলিং করি সেটি ধরে রাখতে, ক্রস সিমে (গতিতে) যাতে বোলিং না করি।’
বাটলারকে ছাড়াও এর আগে ইংলিশদের নেটে বোলিং করেছেন সাজু। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা। তবে তার কাছে বাটলারের প্রশংসা পাওয়াটা ছিল বিশেষ, কেমন লাগছে জিজ্ঞেস করার পর সাজুর উত্তর, ‘অনেক ভালো লাগছে।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments