ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লাদেশের ক্রিকেটে এখন নতুন দিনের গান। সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগই নেই দলের সঙ্গে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তারুণ্যে গড়া দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে লড়ছে বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে তাদেরকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি হারানোর স্বাদ পেয়েছে শান্তর দল। এর আগে কিউইদের মাটিতে টেস্ট ম্যাচটিও বাংলাদেশ জিতেছে সাকিব-তামিমদের মত সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই।

এমন কিছুর পর দেশের মানুষের স্বপ্নটাও বড় হচ্ছে। সাকিব আল হাসান, তামিম ইকবালদের ছাড়াই ভবিষ্যতে দারুণ কিছু করবে; এমন ভাবনা সবার। তবে দলের তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় মনে করিয়ে দিয়েছেন সিনিয়রদের অবদানের কথা।
শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তরুণ এই ক্রিকেটার জানালেন, ‘আমাদের বড় ভাই যারা ছিলেন তারা আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করেছেন। সব কিছু ঠিক থাকলে তাদের মধ্য থেকে কয়েকজন এখানে খেলত। তাদের ব্যাপারে আসলে আমি কিছু বলব না। এটা এমন একটা জায়গা, সবাই সবসময় থাকবে না। এখন আমরা আছি, একসময় আমরা থাকব না এটাই স্বাভাবিক।
তাওহিদ আরও বলেন, ‘দেশের হয়ে যখনই যে খেলোয়াড় খেলতে নামুক না কেন, সবাই চায় তার সেরাটা দিতে এবং দায়িত্ব নিতে চায়। আমরা খেলোয়াড়রা যখন মাঠে নামি, তখন জেতার জন্যই নামি। কে আছে কে নেই আসলে এতকিছু আমরা দেখি না। তো আমাদের সবার ভেতর ওই শরীরী ভাষাটা থাকে যেন, আমরা জিতব এবং জেতার জন্যই মাঠে নামি। আশা করি সামনে এই জিনিসটা আরও বেশি কন্টিনিউ করতে পারব। আমাদের সবার বিশ্বাস আছে এটা ভালোভাবেই আমরা করব।
রোববার ভোরে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ জিতে ইতিহাস গড়ার আর কিউইদের সামনে সিরিজে সমতা আনার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments