ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগদান করেছেন মো. শাহীন হাওলাদার।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনআরবিসি ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
মো. শাহীন হাওলাদার ১৯৯৫ সালের অক্টোবরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি), কার্ডস, ট্রানজ্যাকশন ব্যাংকিং, বৈদেশিক রেমিট্যান্স, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, অফশোর ব্যাংকিং এবং শাখা ব্যাংকিংয়ে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন।
এছাড়া তিনি চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, চিফ বিজনেস অফিসার, হেড অব বিজনেস এবং হেড অব ব্রাঞ্চেসসহ বিভিন্ন নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ফাইন্যান্স, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) এবং এসএমই ফাইন্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।
মো. শাহীন হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেমোগ্রাফিতে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments