
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সহসাই চালু হচ্ছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের সিএনএ টেক্সটাইল লিমিটেডের উৎপাদন। চলতি বছরের জানুয়ারি মাসে এ কোম্পানির উৎপাদন চালু করা হবে-আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম এর আগে সংবাদ সম্মেলন করে জানালেও বাস্তব চিত্র ভিন্ন। গ্যাস সংকট থেকে শুরু করে আরো নানা জটিলতায় আটকে রয়েছে সিএনএ টেক্সটাইলের উৎপাদন। এছাড়া কবে নাগাদ এ কোম্পানির উৎপাদন চালু করা হতে পারে এ বিষয়েও কোম্পানির পক্ষ থেকে কোন সুষ্পষ্ট বক্তব্য নেই।
তথ্যানুসন্ধানে জানা যায়, চার বছর ধরে বন্ধ থাকা সিঅ্যান্ডএ টেক্সটাইল আগামী জানুয়ারিতেই চালু করার ঘোষণা দেয় কোম্পানিটিকে অধিগ্রহণ করা আলিফ গ্রুপ। কোম্পানিটিকে অধিগ্রহণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পাওয়ার পর গেল বছরের ১ নভেম্বর সোমবার সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেয় আলিফ গ্রুপ।
ওই সংবাদ সম্মেলনে আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম বলেন, ‘কোম্পানিটি যেহেতু চট্টগ্রামকেন্দ্রিক, তাই গ্যাস সংযোগ নিতে হবে কর্ণফুলী গ্যাস ফিল্ড থেকে। …আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি। আমরা আশাবাদী।’
তিনি বলেন, ‘ব্যাংকে দায়দেনা পরিশোধের পর কোম্পানির যন্ত্রপাতি বিএমআরআই বা আধুনিকায়ন করে উৎপাদনের জন্য তৈরি করা হবে। এ জন্য দুই থেকে তিন মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে গ্যাস সংযোগ পাওয়া গেলে আগামী জানুয়ারি থেকে উৎপাদনে যাওয়া সম্ভব হবে।’
কিন্তু চলতি বছরের জানুয়ারি মাস শেষ হয়ে গেলেও সিএনএ টেক্সটাইলের উৎপাদন চালু করতে পারেনি আলিফ গ্রুপ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আলিফ গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো: হানিফ ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, সিএনএ টেক্সটাইলের উৎপাদন চালুর জন্য এখনো পর্যন্ত গ্যাস সংযোগের কোন ব্যবস্থা করা যায়নি। এছাড়াও আরো কিছু জটিলতার কারণে উৎপাদন কার্যক্রম শুরু করা যাচ্ছে না। কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়েও কিছু বলা যায় না।
উল্লেখ্য, আলিফ গ্রুপের দুটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এর একটি আলিফ ম্যানুফেকচারিং ও অপরটি আলিফ ইন্ডাস্ট্রিজ। দুটি কোম্পানি আলিফ গ্রুপ অধিগ্রহণ করে পরিচালনা করছে। এর মধ্যে ওসিটি থেকে অধিগ্রহণ করা হয়েছে সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টসকে। আর সিএমসি কামালকে কিনে নিয়েছে তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments