ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে শঙ্কায় সত্যি হলো। নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। অলস্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করায় এমএলএসের নিয়ম অনুযায়ী তারা লিগের পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। ফলে ঘরের মাঠে এফসি সিনাসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা। নিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড ক্ষুব্ধ’ হয়েছেন মেসি।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার একাদশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রাথমিক স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড় ইনজুরিতে না পড়া সত্ত্বেও অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী একটি লিগ ম্যাচে তাকে নিষিদ্ধ করা হয়। এই নিয়মেই এবার শাস্তির মুখে পড়েছেন মেসি ও আলবা।
নিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড ক্ষুব্ধ’ হয়েছেন মেসি। ইন্টার মায়ামির ব্যবস্থাপনা স্বত্বাধিকারী হোর্হে মাস সংবাদ সম্মেলনে বলেন, ‘সে (মেসি) আজকে খুবই হতাশ… প্রচণ্ড ক্ষুব্ধ। সেটা প্রত্যাশিতই। আশা করি, এই ঘটনার কোনো সুদূরপ্রসারী প্রভাব পড়বে না। তবে লিগের আইন যেভাবে কাজ করে, সেটা নিয়ে ফুটবলারদের ধারণায় প্রাথমিক প্রভাব কি পড়বে? অবশ্যই, কোনো সংশয় নেই।
প্রীতি ম্যাচে না খেলার কারণে প্রতিযোগিতামূলক ম্যাচে নিষেধাজ্ঞার ব্যাপারটি মেসি ও আলবার ধারণার বাইরে বলে জানান মাস। তিনি আরও বলেন, ‘তারা দুজন প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। ম্যাচ খেলতে চায়। তারা তো এখানে সেজন্যই আছে, ম্যাচ খেলতে আর জিততে। আগামী ম্যাচের গুরুত্বের মাত্রা তারা জানে। কাজেই লড়িয়ে দুজন ফুটবলারের এমন প্রতিক্রিয়া খুবই প্রত্যাশিত, যারা এই (নিষেধাজ্ঞার) সিদ্ধান্ত বুঝে উঠতে পারছে না। তারা বুঝতে পারছে না, একটি প্রদর্শনী ম্যাচে না খেললে কেন সরাসরি নিষেধাজ্ঞা পেতে হবে।
লিগের আইনের কথা মনে করিয়ে দেওয়া হলে আইনটি পুনরায় বিবেচনা করার তাগিদ জানালেন মাস। তিনি বলেন, ‘আইন তো আছেই আইনের মতো। তবে তারা (মেসি ও আলবা) এটা বুঝতে পারছে না… আমার মনে হয়, এই আইনে এমন শাস্তি স্পষ্টতই খুব কঠোর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments