ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। কারখানায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো এবং ভাঙচুরসহ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ১৯ নভেম্বর সংগঠনটির সদস্য কারখানার মালিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক শ্রম অসন্তোষের মধ্যে সকালে শ্রমিকদের সঙ্গে বহিরাগত ব্যক্তিরাও কয়েকটি কারখানায় প্রবেশ করছেন। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। ফলে একদিকে কারখানার সম্পদ ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি সাধারণ শ্রমিকদের মধ্যে বিভেদ ও বিরোধ তৈরির আশঙ্কাও দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে সকালে কাজে যোগ দিতে আসার সময় শ্রমিক-কর্মচারীরা গলায় পরিচয়পত্র ঝুলিয়ে কারখানায় প্রবেশ করছেন কি না, তা নিশ্চিত করতে সদস্য কারখানাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করে প্রত্যেকের পরিচয়পত্র যাচাইয়ের পর কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর থেকে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল, মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা।
এ ছাড়া শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিও জানান আন্দোলনকারীরা। বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়ায় পোশাক কারখানার উৎপাদন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতির কারণে বেশ কিছু কারখানা বন্ধও রাখা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments