ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার পর অবসরের ঘোষণা দেওয়া স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ প্রথমবারের মতো ফাইনাল ম্যাচের অভিজ্ঞতা, নিজের পারফরম্যান্স এবং লিওনেল মেসিকে নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে আধুনিক ফুটবলে ভিএআরের গুরুত্ব নিয়েও মতামত দিয়েছেন তিনি।
স্লোভেনিয়ার সংবাদমাধ্যম স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনচিচ জানান, ফিফার কাছ থেকে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার খবর প্রথমে তাকে বিস্মিত করেছিল। পরে সেটি তার জন্য গর্বের মুহূর্তে পরিণত হয়।
তিনি বলেন, ‘এটি প্রথমে আমার জন্য বড় ধাক্কা ছিল। পরে গর্ব অনুভব করি, কারণ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে আমরা স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করেছি।’
ভিনচিচ জানান, ফিফা রেফারিজ কমিটি ও প্রধান পিয়েরলুইজি কলিনার আস্থার মর্যাদা রাখাই ছিল তার সবচেয়ে বড় দায়িত্ব। সে লক্ষ্যেই সহকারী রেফারি তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচকে নিয়ে দুই দলের খেলোয়াড়দের খেলার ধরন, আচরণ এবং সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রস্তুতি নেন।
তার ভাষায়, ‘আমরা খেলোয়াড়দের বৈশিষ্ট্য, খেলা থামলে তাদের প্রতিক্রিয়া এবং বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করেছি। তবে কোনো ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত হওয়া সম্ভব নয়। প্রতিটি ম্যাচই আলাদা।’
বিশ্বকাপ ফাইনালের চাপ প্রসঙ্গে তিনি বলেন, একজন রেফারির পুরো ক্যারিয়ারের মূল্যায়ন অনেক সময় একটি ম্যাচের ওপর নির্ভর করে। তাই দায়িত্ব ছিল অত্যন্ত বড়।
নিজের পারফরম্যান্স সম্পর্কে ভিনচিচের মূল্যায়ন, ম্যাচ শেষে রেফারিং নিয়ে বড় কোনো বিতর্ক না হওয়াই প্রমাণ করে তারা সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
এ সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির সঙ্গে মাঠের কিছু কথোপকথনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এবং আধুনিক ফুটবলে ভিএআরকে গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি হিসেবে উল্লেখ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments