ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই বাংলার নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত ঢাকায় আসছেন। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টের অংশ নিতেই এবারের ঢাকা যাত্রা তার। সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় আসার কথা তার। কনসার্টটি আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। বেশ কিছু কারণে তারিখটি এখনই প্রকাশ করতে চাইছেন না তারা।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, ‘ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতারা।
এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। যিনি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়ত’ ইত্যাদি গানে বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছেন তিনি। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।
শিগগিরই এই কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হবে টিকিট ও লোকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য। আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গেল মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments