ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর পাগল করা হাসির কথা কার না মনে আছে! আর সেই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ধামাল ৪’ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। আর মুক্তির শুরুতেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে পরিচালক ইন্দ্র কুমারের এই ছবি।
অক্ষয় কুমার ও আলিয়া ভাটের মতো হেভিওয়েট তারকাদের সিনেমার সাথে সরাসরি টেক্কা দিয়ে মুক্তির মাত্র ২ দিনেই বিশ্বব্যাপী ৫০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে এই কমেডি এন্টারটেইনার!
বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহগুলোতে ১৪ কোটি রুপি নেট কালেকশন দিয়ে খাতা খুলেছিল ‘ধামাল ৪’। তবে আসল চমক দেখিয়েছে ছুটির দিন শনিবারে। প্রথম দিনের তুলনায় এক লাফে প্রায় ৬০.৭ শতাংশ ব্যবসা বাড়িয়ে দ্বিতীয় দিনে ছবিটি একাই কামিয়েছে ২২.৫০ কোটি রুপি।
দুই দিনে শুধুমাত্র ভারতেই ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ৩৬.৫০ কোটি রুপি। দেশীয় বাজারের পাশাপাশি বিদেশের মাটিতেও অজয়ের কমেডির জাদু কাজ করেছে দারুণভাবে। ওভারসিজ বা আন্তর্জাতিক বাজার থেকে দুই দিনে এসেছে আরও ১০ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র ৪৮ ঘণ্টায় বিশ্বব্যাপী ‘ধামাল ৪’-এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৫৩.৮০ কোটি রুপি!
চলতি সপ্তাহে বক্স অফিসে রাজত্ব করা মোটেও সহজ ছিল না ‘ধামাল ৪’-এর জন্য। একদিকে অক্ষয় কুমারের মাল্টিস্টারার কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ইতিমধ্যেই ১২৭ কোটি রুপির বেশি কামিয়ে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। অন্যদিকে আলিয়া ভাটের স্পাই-থ্রিলার ‘আলফা’ বিশ্বব্যাপী ৮১ কোটি রুপির বেশি আয় করে বেশ দাপট দেখাচ্ছে।
এর ওপর আবার হলিউডের ‘মোয়ানা’ এবং সাউথের ‘লেনিন’ ছবির চাপ তো আছেই। কিন্তু সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে শনিবার একাই প্রায় ৩৭.৩% দর্শক ধারণ ক্ষমতা নিয়ে বাজিমাত করেছে অজয়ের ছবি।
সিনেমাপ্রেমীদের মতে, ভরপুর কমেডি আর অজয় দেবগনের অনবদ্য টাইমিংয়ের কারণে দর্শক হাসতে হাসতে সিনেমা হল থেকে বেরোচ্ছেন।
সিনেমাপ্রেমীদের এই উন্মাদনা দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রথম উইকেন্ড শেষ হতেই আয়ের গ্রাফ আরও আকাশচুম্বী হবে!
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments