ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাঁশ আমরা কম বেশি সবাই চিনি। বাঁশ দিয়ে তৈরি আসবাব পত্র প্রায় মানুষেরই বেশ পছন্দ। কিন্তু এই বাঁশের অবাককরা পুষ্টিগুণও রয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাঁশ খুবই সুস্বাদু একটি খাবার এবং বাঁশ কোড়ল থেকে মজাদার রান্না হয়। বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলাতে এর কার্যকারিতাও অপরিসীম। তাজা বাঁশের কোঁড়লে ৮৮-৯৩% পানি, ১.৫-৪% প্রোটিন, ০.২৫-০.৯৫% চর্বি, ০.৭৮-৫.৮৬% চিনি, ০.৬০-১.৩৪% সেলুলোজ এবং ১.১% খনিজ পদার্থ আছে। এতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনও বিদ্যমান। তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে বাঁশ খাওয়াই যায়। আজ রইল বাঁশ কোড়ল স্যুপ রেসিপি।

উপকরণ-
* বাঁশ কোড়ল কুচি ১ কাপ।
* মুরগির মাংস ১-২ কাপ।
* চিকেন স্টক ২-৩ কাপ।
* গোল মরিচ ১ চা চামচ।
* আদা-রসুন বাটা ১চা চামচ।
* লবণ স্বাদমতো।
* চিংড়ি ৮-৯টি।
* চার টুকরো করে ১টি পেঁয়াজ।
* ১ টেবিল চামচ সয়াসস।
* ভিনেগার ১ টেবিল চামচ।
* কর্নফ্লাওয়ার ১ চা চামচ।
তৈরি প্রণালী: মাংস পাতলা করে কেটে নিয়ে এতে হাফ চা চামচ সাদা গোল মরিচের গুঁড়া, এক টেবিল চামচ আদা-রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর স্বাদমতো লবণ দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মসলাগুলো মেখে নিন। চিংড়ি ও বাঁশ কোড়ল মেরিনেট করে নিন। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো চিংড়ির সঙ্গে মিশিয়ে আধা ঘণ্টার মতো রেখে দিন। এবার একটি প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে মেরিনেট করে রাখা চিংড়ি, বাঁশ কোড়ল ও চিকেন দিয়ে এগুলো নেড়েচেড়ে একটু ভেজে, বের হওয়া পানি শুকিয়ে ফেলতে হবে।
এবারে দুটি পেঁয়াজ ফালি করে কেটে দিয়ে ৩-৫ মিনিট পর স্টক দিয়ে সব কিছু সিদ্ধ করতে হবে। প্রয়োজনে স্টক বেশি দিতে হবে এবং এর সঙ্গে আরও দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। বেশি ঘন স্যুপ খেতে চাইলে ৫-৭ টেবিল চামচ পর্যন্ত কর্নফ্লাওয়ারের মধ্যে দিতে পারেন। তবে একটু পাতলা হলে খেতে ভালো হয়। একটা ডিম ভালো করে ফেটে একটু ওপর থেকে আস্তে আস্তে স্যুপে ঢালতে হবে। স্বাস্থ্যকর ও মজাদার এই বাঁশ কোড়ল স্যুপ মুখে লেগে থাকার মতই।
উল্লেখ্য, বাঁশ কোড়ল দিয়ে অনেক মজার মজার রান্না করা যায়। গরুর, মুরগি, খাসি বা শুধু সবজি রান্নায় বাঁশ কোড়ল স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও বাঁশ কোড়লে চিংড়ি ভাজি অনেক মজা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments