পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। তারই পেক্ষিতে আইনের কিছু পরিবর্তন আনা হবে। এরই মধ্যে আইন পরিবর্তনের কার্যক্রম শুরু করেছে অর্থ মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বলবৎ থাকা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’ অনুযায়ী বিএসইসি চেয়ারম্যানের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছর। অর্থাৎ, বয়স ৬৫ বছর পূর্ণ হলে কোনো ব্যক্তি বিএসইসির চেয়ারম্যান হওয়া বা এ পদে থাকার যোগ্য হবেন না।
সরকার বিএসইসি চেয়ারম্যানের বসয়সীমা আরও কমিয়ে আনার পরিকল্পনা করছে। এক্ষেত্রে তা পাঁচ বছর কমিয়ে সর্বোচ্চ ৬০ বছর করা হতে পারে। অর্থাৎ, ৬০ বছর পূর্ণ হলে কোনো ব্যক্তি বিএসইসি চেয়ারম্যান হওয়া বা এ পদে থাকার যোগ্য হবেন না। চেয়ারম্যানের পাশাপাশি বিএসইসি কমিশনারদের বয়সসীমাও কমিয়ে ৬০ বছর করা হতে পারে।
বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের বয়সসীমা কমানোর পাশাপাশি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমা কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান আইন অনুযায়ী, আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা আছে ৬৭ বছর। এটি কমিয়ে ৬০ বছর করার পরিকল্পনা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইন পরিবর্তন করার পরপরই বিএসইসির বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ-তে। বর্তমানে আইডিআরএ চলছে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সরকারের পতন হলে দেশ পরিচালনার দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। খন্দকার রাশেদ মাকসুদ ওই বছরের ১৮ আগস্ট ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান।
এ বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠনের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিএসইসির চেয়ারম্যান পরিবর্তনের গুঞ্জন শুরু হয়। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের পর বিএসইসি চেয়ারম্যান পরিবর্তন নিয়েও গুঞ্জন জোরালো হয়। এর মধ্যেই আইডিআরএ’র চেয়ারম্যান পদ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া এম আসলাম আলম পদত্যাগ করলে, বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়েও গুঞ্জনের পালে হাওয়া লাগে।
তবে এখনো চেয়ারম্যান পদে বহাল থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন খন্দকার রাশেদ মাকসুদ। কারণ, তিনি নিজে থেকে পদত্যাগ করেননি এবং সরকার এখনো তাকে সরিয়ে দেয়নি। যদিও তাকে সরানোর প্রক্রিয়া এখন শুরু হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমিশনের আইনে কিছু সংশোধন আনা হবে। এরই মধ্যে আইন সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব এটি শেষ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন সংশোধনের পাশাপাশি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এ কিছু সংশোধন আনা হবে। দুটি আইন সংশোধনের কার্যক্রম একসঙ্গে শুরু হয়েছে এবং দ্রুত তা সম্পন্ন করার চেষ্টা চলছে।
আইন সংশোধনের পর বিএসইসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনার পদেও পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে আইডিআরএ’র সদস্য পদেও পরিবর্তন আনতে পারে সরকার। প্রাথমিকভাবে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার এবং আইডিআরএর চেয়ারম্যান ও সদস্যদের সর্বোচ্চ বয়স ৬০ বছর করার চিন্তাভাবনা রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে কিছুটা পরিবর্তনও হতে পারে।
























Recent Comments