ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালিতে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত, দুর্বল মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) মূল্যবান ধাতুটির দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৬৫ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে এ দাম রেকর্ড করা হয়। এর আগে দিনের লেনদেনে সোনার দাম ১৮ জুনের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।
এদিকে যুক্তরাষ্ট্রের সোনার ফিউচারও ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৬০ ডলারে উঠেছে। বুধবার সোনার দাম ফেব্রুয়ারির পর একদিনে সবচেয়ে বড় উল্লম্ফনও দেখেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সোনার দাম যদি ২০০ দিনের চলমান গড়ের ওপরে স্থায়ীভাবে অবস্থান ধরে রাখতে পারে, তাহলে বাজারে আরও শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
অন্য মূল্যবান ধাতুর বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। স্পট রুপার দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ২ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা জুনের পর সর্বোচ্চ। পাশাপাশি প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭৪ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। টানা তৃতীয় দিনের মতো ধাতুটির দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
আন্তর্জাতিক বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট সোনার প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়েছে। ফলে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত ৩১ জুলাই প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments