ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন এবং পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন। ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ।
স্বাধীনতা-পরবর্তী ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান—দেশের প্রতিটি ক্রান্তিকালেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
লাখো শহীদের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান কর্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং শহীদদের কাঙ্ক্ষিত নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থলভাগের পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে; সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে কাজ চলছে।
তিনি জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে এবং আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ পদ্ধতিসহ কল্যাণমূলক পদক্ষেপগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বক্তব্যের শেষে তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং শহীদ বীর সেনানীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments