ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারতের কোনো পদক্ষেপ যদি পাকিস্তানের পানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে দেশটি সামরিক প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না।
সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ পানি ইস্যুকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সিন্ধু অববাহিকার পানিতে পাকিস্তানের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হলে ইসলামাবাদ প্রয়োজনীয় সব পদক্ষেপ বিবেচনা করবে।
খাজা আসিফের ভাষ্য, “পানি আমাদের জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান। যখনই আমরা মনে করব যে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার বিষয়টিও বিবেচনায় আসবে।”
সম্প্রতি ভারতের জলশক্তিমন্ত্রী সি.আর. পাটিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি ইঙ্গিত দেন যে, ২০২৮ সালের জুনের মধ্যে পাকিস্তানে সিন্ধু নদীর পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ করার সক্ষমতা ভারত অর্জন করতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সংঘটিত প্রাণঘাতী হামলার পর দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ওই হামলায় ২৬ জন নিহত হন। ঘটনার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।
নয়াদিল্লি হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে এবং জানায়, সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে।
সিন্ধু নদী ব্যবস্থা-সংক্রান্ত এই চুক্তির আওতায় অববাহিকার মোট পানির প্রায় ৮০ শতাংশ পাকিস্তানের ব্যবহারের জন্য বরাদ্দ রয়েছে। ফলে কৃষি, সেচব্যবস্থা এবং সামগ্রিক অর্থনীতির জন্য চুক্তিটি দেশটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান ধারাবাহিকভাবে আপত্তি জানিয়ে আসছে। দেশটির দাবি, পানিপ্রবাহে বড় ধরনের বাধা সৃষ্টি হলে নদীনির্ভর কোটি মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এদিকে সিন্ধু পানি চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments