ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের নজির।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই ২০২৫-জুন ২০২৬) মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার দেশে এসেছে। আগের অর্থবছরে (জুলাই ২০২৪-জুন ২০২৫) এই পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
এদিকে সদ্য বিদায়ী জুন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধু ৩০ জুনই এসেছে ১২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স।
যদিও জুন মাসের রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। ২০২৫ সালের জুন মাসে দেশে এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, সরকারি প্রণোদনা এবং অনানুষ্ঠানিক অর্থপাচার বা হুন্ডি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের কারণে চলতি অর্থবছরে রেমিট্যান্সে এ রেকর্ড অর্জিত হয়েছে। এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments