ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে শুরু হয়েছে লেবানন ও ইসরাইলের মধ্যকার সপ্তম দফার আলোচনার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) লেবাননের এক কর্মকর্তা সংবাদমাধ্যম আনাদোলুকে এই তথ্য জানিয়েছেন।
ওই সূত্র জানায়, এবারের আলোচনার মূল বিষয়বস্তু হলো—যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের রূপরেখা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার সম্পন্ন করা এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে লেবানন সেনাবাহিনীর উপস্থিতি ও সক্ষমতা জোরদার করা।
যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চলা এই আলোচনা প্রক্রিয়ার প্রথম পাঁচ দফা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছিল। এরপর ইতালির রাজধানী রোম দ্বিতীয়বারের মতো এই আলোচনার আয়োজক হলো।
তবে বৈরুত ও টায়ারের আকাশসীমা লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণসহ ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যেই এই আলোচনা চলছে।
এর আগে, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি রূপরেখা চুক্তিতে সই করে বৈরুত ও তেল আবিব। ওই চুক্তিতে বলা হয়েছিল, লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ইসরাইলি সেনা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। নির্ধারিত কিছু এলাকায় পরীক্ষামূলক (পাইলট) মডেল বাস্তবায়নের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
প্রসঙ্গত, গত ২ মার্চ থেকে লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর এসব হামলায় এ পর্যন্ত ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments