ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের সাধারণ শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি মূলধনের ঘাটতি দূর করার লক্ষ্যে গত বছরের পহেলা অক্টোবর অনুষ্ঠিত লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আলোকে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করলে সোমবার ১০ এপ্রিল বিএসইসির কাছ থেকে নতুন শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতিপত্র পেয়েছে।
পরিশোধিত মূলধন বাড়াতে অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। আর এর মাধ্যমে মূলধন সংগ্রহ করা হবে ৩০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। শেয়ার সংখ্যা ১ কোটি ৩০ লাখ। এই শেয়ারের ৩০ শতাংশ আছে উদ্যোক্তাদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৭.২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ধারণ করছে ৪২.৭৮ শতাংশ শেয়ার।
এদিকে, গত এক মাসে বাজারে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম ১০০ শতাংশের বেশি বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ২৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম ছিল ৩৯ টাকা। আজ এর সর্বশেষ মূল্য ছিল ৯৭ টাকা ৭০ পয়সা।
উল্লেখ্য, সর্বশেষ বছরে লিগ্যাসি ফুটওয়্যার ১ কোটি ১১ লাখ টাকা নীট লোকসান দিয়েছে। শেয়ার প্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments