ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘জওয়ান’ ছবির সুবাদে ২০২৩ সালের ‘ফ্রেশ অন-স্ক্রিন পেয়ারিং’-এ শীর্ষস্থান দখল করে নিয়েছেন নয়নতারা। দক্ষিণ ভারতীয় এ অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে বলিউড বদশাহ শাহরুখ খানও ছিলেন বছরজুড়ে আলোচনায়। বছরের শেষ প্রান্তে এসে শাহরুখ-নয়নতারা পেয়েছেন বছরের শীর্ষ প্রিয় জুটির খেতাব।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা ২০২৩ সালের আলোচিত তারকাদের নিয়ে একটি জরিপ চালিয়েছিল। যেখান থেকে নির্বাচন করা হয়েছে দর্শকদের সবচেয়ে প্রিয় নতুন অন-স্ক্রিন তারকাদের। তালিকায় শীর্ষ ১০টি জুটি রয়েছে; যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এ জুটিগুলো অত্যন্ত প্রত্যাশিত ছিল এবং তাদের বক্স অফিস পারফরম্যান্স ছিল অসামান্য, যা তাদের বছরের সেরা জুটি করে তুলেছে। জরিপের ফল প্রকাশ করেছে পিঙ্কভিলা। সেখানে শীর্ষস্থান দখল করে নিয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির শাহরুখ খান-নয়নতারা জুটি।
পিঙ্কভিলা সূত্রে জানা গেছে, ‘জওয়ান’ ৪৫ শতাংশ ভোট পেয়ে ক্লিন সুইপ পেয়েছে। এ থেকে স্পষ্ট যে, কিং খান এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর মধ্যে প্রেমের রসায়ন দর্শকের মন জয় করেছে খুব সহজেই। তাদের পাশাপাশি লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির জন্য রণবীর ও শ্রদ্ধা কাপুর জুটি জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে।
এ জুটির প্রথম ছবি ‘তু ঝুটি ম্যায় মাক্কার’-এর ঝুলিতে ভোট পড়েছে ১৩ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে শাহরুখ খান-তাপসী পান্নু জুটি। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ছবিতে অভিনয় দিয়ে এ জুটি দর্শক হৃদয় জয় করেছে। ‘ডানকি’র ঝুলিতে ভোট পড়েছে ১১ শতাংশ। এর পরই আছে ‘জারা হাটকে জারা বাঁচকে’ জুটি ভিকি কৌশল ও সারা আলি খান। তাদের ঝুলিতে পড়েছে ৯ শতাংশ ভোট।
‘আদিপুরুষ’ জুটি প্রভাস-কৃতী শ্যানন ৮ শতাংশ এবং ‘অ্যানিম্যাল’ ছবির জুটি রণবীর কাপুর-রাশমিকা মান্দানা পেয়েছে ৭ শতাংশ ভোট। একই ছবির জন্য রণবীর কাপুর-তৃপ্তি ডিমরি ৬ শতাংশ ভোট পেয়ে এসেছেন আলোচনায়।
যদিও ২০২৩ সালে দর্শকনন্দিত ও ব্যবসা সফল ছবির সংখ্যা একেবারে কম নয়। তবে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসা তারকার সংখ্যা কিছুটা কম। এ নতুন জুটি কতটা সাড়া ফেলেছে দর্শকের মধ্যে, মূলত তারই জরিপ চালিয়েছে পিঙ্কভিলা। যে কারণেই শাহরুখ-দীপিকা, সালমান-ক্যাটরিনাসহ আরও বেশ কিছু জুটি এ জরিপে স্থান পায়নি। কারণ, এর আগেও তারা একাধিক ছবিতে জুটি বেঁধেছিলেন।
এদিকে তারকা জড়িয়ে শীর্ষস্থান দখল করতে না করতেই নয়নতারা পেয়েছেন আরেকটি সুখবর। ক’দিন আগে মুক্তি পাওয়া এ অভিনেত্রীর ৭৫তম ছবি ‘অন্নপুরানি’ ২৯ ডিসেম্বর থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments