ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্মিলিত ইসলামী ব্যাংকের অ-প্রাতিষ্ঠানিক আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে মেয়াদি আমানত থেকে শুধু আসল টাকা উত্তোলন করলে সেটিকে সংশ্লিষ্ট আমানতকারীর সঙ্গে ব্যাংকের পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি (ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট) হিসেবে গণ্য করা হবে। পরে ওই হিসাবের বিপরীতে কোনো অতিরিক্ত অর্থ বা মুনাফা দাবি করা যাবে না।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ (৯ আগস্ট ২০২৬ পর্যন্ত সংশোধিত)’-এর আওতায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো অ-প্রাতিষ্ঠানিক আমানতকারী তার চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি হিসাবের শুধু আসল অর্থ উত্তোলন করতে চাইলে হস্তান্তরগ্রহীতা ব্যাংক তা পরিশোধ করবে।
এ ক্ষেত্রে মেয়াদি হিসাবের ‘আসল অর্থ’ বলতে আমানতকারী নিজের তহবিল থেকে হস্তান্তরকারী ব্যাংকে আমানত হিসেবে যে অর্থ জমা রেখেছেন, সেটিকে বোঝানো হয়েছে। এর সঙ্গে কোনো মুনাফা যুক্ত হবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো আমানতকারী মেয়াদি হিসাবের আসল টাকা উত্তোলনের এই সুবিধা গ্রহণ করলে সেটিই ওই হিসাবের ক্ষেত্রে তার সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচিত হবে। ফলে পরবর্তী সময়ে ওই হিসাবের বিপরীতে কোনো অতিরিক্ত দাবি গ্রহণযোগ্য হবে না।
অর্থাৎ, মেয়াদি আমানতের আসল টাকা তুলে নিলে আমানতকারী ভবিষ্যতে ওই আমানতের মুনাফা বা অন্য কোনো পাওনা দাবি করতে পারবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো আমানতকারীর দায় বা ঋণ থাকলে টাকা পরিশোধের আগে তা তার আমানত থেকে সমন্বয় করে নেওয়া হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের আওতায় আসা হস্তান্তরকারী ব্যাংকগুলোর যেকোনো একটিতে আমানতকারীর দায় থাকলেও একইভাবে সেই দায়ের মোট পরিমাণ আমানত থেকে সমন্বয় করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজল্যুশন স্কিমের আগের কিছু বিধান থাকা সত্ত্বেও জনস্বার্থে অ-প্রাতিষ্ঠানিক আমানতকারীদের টাকা উত্তোলনের এ সুযোগ দেওয়া হয়েছে। স্কিমের ২১ ও ২১(খ) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নতুন নির্দেশনাটি জারি করা হয়েছে।
এর ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের অ-প্রাতিষ্ঠানিক আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের আসল অর্থ উত্তোলন করতে পারবেন। তবে মেয়াদি আমানতের মুনাফা না নিয়ে শুধু আসল টাকা তুলে নিলে ভবিষ্যতে ওই মুনাফা বা অন্য কোনো অর্থ দাবি করার সুযোগ থাকবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments