ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়া সফরে আছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। আল হিলাল ও আল নাসরের বিপক্ষে রিয়াদ কাপে অংশ নিয়েছে মেসি-সুয়ারেজ-বুসকেটসদের ক্লাব। এরপর হংকং ইলেভেনের বিপক্ষে খেলেছে ম্যাচ। সৌদি সফরে দুই ম্যাচেই হারলেও হংকংয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় পায় ইন্টার মায়ামি।

ওই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। যে কারণে হংকংয়ের ভক্তরা ক্ষোভ প্রকাশ করেন। মেসিকে না খেলানোয় ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামকে দোষারোপ করেন এবং আয়োজকদের কাছে অর্থ ফেরত চান ভক্তরা।
জল বেশ ঘোলা হওয়ার পর মেসি ওই ম্যাচে খেলতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না তিনি, ‘সত্যি হলো, হংকং ম্যাচে আমার খেলতে না পারাটা র্দূভাগ্য। ফুটবলে এমন ঘটনা ঘটেই, আমাদের ইনজুরি হয়ে যায়। তবে ম্যাচটা আমি খেলতে চেয়েছিলাম, ভক্তরাও উচ্ছ্বসিত ছিল, সেজন্যই তো এতো দূর ভ্রমণ করে আসা। আশা করছি, পরে কোন সময় এখানে আমি খেলতে পারবো।
মেসিদের পরবর্তী ম্যাচ জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে। ওই ম্যাচে মেসি খেলতে পারবেন কিনা নিশ্চিত নন। তবে বুধবারের ম্যাচ খেলার বিষয়ে কিছুটা আশার কথা জানিয়েছেন মেসি, ‘গত কিছুদিনের তুলনায় এখন বেশ ভালো অনুভব করছি। পরের ম্যাচ খেলতে পারবো কিনা, সত্যি বলতে আমি এখনও ঠিক জানি না। সব নির্ভর করছে, অনুশীলন করতে পারার ওপর। তবে আমি ভালো অনুভব করছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments