ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডমিনিকা টেস্টে তিন দিনেই জিতে নিল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের ধ্রুপদী বোলিংয়ে ম্যাচের তৃতীয় দিনে স্রেফ নাকানিচুবানি খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ১৪১ রানে হার দেশের মাঠে তাদের ভারতের কাছে সবচেয়ে বড়।

প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট পেয়েছেন অশ্বিন। ম্যাচে ১২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই অফস্পিনার। তার স্পিন বিষে নীল হয়ে প্রথম ইনিংসে ১৫০ রান করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে কেবল ১৩০ রান করতে পারে।
ভারত নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৪২১ রানে। অশ্বিন বল হাতে কারিশমা দেখালেও তরুণ তুর্কী অভিষিক্ত ইয়াশবি জসওয়াল মন কেড়েছেন সবার। দ্বিতীয় দিন সেঞ্চুরি পাওয়া এই ওপেনার শুক্রবার তৃতীয় দিনে আউট হয়েছেন ১৭১ রানে। নিজের অভিষেক রাঙানোয় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।
জসওয়াল ও বিরাট কোহলি শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেন। ১৪৩ রানে দিন শুরু করা জসওয়ালের সামনে ছিল ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার। সেই পথে এগিয়েও গিয়েছিল। কিন্তু পুরো ইনিংস জুড়ে অসাধারণ ব্যাটিং করা এই ব্যাটসম্যান ১৭০ রান পেরোনের পর মনোযোগ হারান। স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করার পর পেসার আলজারি জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
অন্যপ্রান্তে থাকা বিরাট কোহলি খুব স্থির হয়ে খেলে তুলে নেন ফিফটি। সেঞ্চুরির পথে এগোতে থাকলেও থাকে থেমে যেতে হয় ৭৬ রানে। রাকিম কর্নওয়ালের অফ স্পিনে ধরা পড়েন লেগ স্লিপে। সহ অধিনায়ক রাহানে নেমে ভালো করতে পারেননি। ৩ রানে তাকে ফেরান রোচ।
রবীন্দ্র জাদেজা নেমে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে ৩৭ রান তুলে নেন। অপরপ্রান্তে থাকা ইশান ২০ বলে করেন ১ রান। ভারত তখন এগিয়ে ২৭১ রানে। ওই রানকেই যথেষ্ট মনে করায় ইনিংস ঘোষণা করেন রোহিত। ২২ গজে তেমন কিছুই হয়েছে।
অশ্বিনের বোলিংয়ে স্বাগতিকরা দাঁড়াতেই পারেননি। অশ্বিনের ৭ উইকেট বাদে জাদেজা ২টি ও সিরাজ ১ উইকেট পেয়েছেন। ব্যাট হাতে ক্যারিবীয়ানদের হয়ে আলিক আথানজে সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া জেসন হোল্ডার করেন ২০ রান। বড় জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শুরু করলো ভারত। ১২ পয়েন্ট নিশ্চিত করেছে রোহিতের দল। ত্রিনিদাদে সিরিজের পরের টেস্ট শুরু বৃহস্পতিবার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments