ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নীতি ও আইনি সংস্কারের আশ্বাস দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছে সংস্থাটি।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএসইসির মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিশনারবৃন্দ, কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সিএফএ সোসাইটি বাংলাদেশ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার এবং বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫ অনুযায়ী আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা এবং আবেদন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ারদের দায়িত্ব ও জবাবদিহিতা এবং আইপিও প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিনিয়োগকারীবান্ধব করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়।
এ ছাড়া আইপিও প্রাইজিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যুসহ পুঁজিবাজারের বিভিন্ন নীতিগত বিষয় সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা এবং সম্ভাব্য সংস্কার বিষয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বিএসইসি জানায়, অংশীজনদের দেওয়া মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং আইনি সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে আইপিও প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার পাশাপাশি ভালো মানের কোম্পানিকে পুঁজিবাজারে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে বলে কমিশনের আশা।শেয়ার মার্কেট কোর্স
সভায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ছাড়াও কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক উপস্থিত ছিলেন। এছাড়া আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ ও ভাইস প্রেসিডেন্ট আরিফুর রহমান, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, বিএমবিএর প্রেসিডেন্ট ইফতেখার আলম, বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্য মো. কায়সার হামিদ ও সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন, এফআরসির নির্বাহী পরিচালক মো. তারেক কামাল, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, এমটিবি ক্যাপিটাল লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, সিএফএ সোসাইটি বাংলাদেশসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার ও বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments