ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির অংশগ্রহণ বাড়াতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালায় একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালায় মূল্য নির্ধারণ পদ্ধতি, বুক বিল্ডিং, মিউচুয়াল ফান্ডের বরাদ্দ, আন্ডাররাইটিং এবং তালিকাভুক্তির প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব রাখা হচ্ছে। পাশাপাশি বড় কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়া এবং প্রয়োজনে জনস্বার্থে কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে পুঁজিবাজার উন্নয়ন ও নীতি সংস্কারবিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।
তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির দায়িত্ব শুধু নিয়মকানুন তৈরি করা নয়, বাজারের উন্নয়নে সহায়তাকারী হিসেবেও কাজ করতে হবে। কারণ, অংশীজনদের বাস্তব সমস্যা বিবেচনায় না নিলে নিয়মকানুনের যথাযথ বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে কমিশন নতুন কোনো বিধিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিচ্ছে। খসড়া বিধিমালা জনমত যাচাইয়ের জন্য প্রকাশের পর আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হচ্ছে।
মাসুদ খান বলেন, মার্জিন ঋণ বিধিমালা, ডিরেক্ট লিস্টিং বিধিমালাসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। নতুন আইপিও বিধিমালার খসড়াও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় ১০৮ পৃষ্ঠার এই বিধিমালা লাইন ধরে পর্যালোচনা করা হয়েছে। চূড়ান্ত করার আগে আবারও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানির বাস্তব সমস্যা সম্পর্কে কমিশন অবগত। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলোর লভ্যাংশ বিতরণে করসংক্রান্ত ছাড়পত্র পেতে দীর্ঘ সময় লাগার কারণে আগে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দিতে পারত না। এ সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছাড়পত্র পাওয়ার পর লভ্যাংশ বিতরণের সুযোগ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রে কোম্পানিগুলোর সমস্যার কথা বিবেচনায় নিয়ে ডিজিটাল ও হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজনের নিয়ম সহজ করা হয়েছে। আগে ডিজিটাল এজিএম আয়োজনের জন্য নির্দিষ্ট সময় ধরে তালিকাভুক্ত থাকার শর্ত ছিল। সেটি শিথিল করে এখন ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারী কোম্পানির জন্যও সুযোগ রাখা হয়েছে বলে জানান তিনি।
কোম্পানির লভ্যাংশ ঘোষণার আগে নির্দিষ্ট সময়ের জন্য শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকটেড পিরিয়ড নিয়েও কাজ চলছে। বর্তমানে হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার আগ পর্যন্ত এ বিধিনিষেধ থাকে। এ সময় আরও কমানোর বিষয়টি বিবেচনা করছে কমিশন।
নতুন আইপিও বিধিমালায় বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় পরিবর্তনের পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, আগে আইপিওর মূল্য নির্ধারণে চারটি পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছিল। তবে এখন ইস্যু ম্যানেজারকে একটি মূল্যায়ন পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সে ক্ষেত্রে ওই মূল্যায়নের যৌক্তিকতা ব্যাখ্যা ও প্রমাণের দায়িত্ব ইস্যু ম্যানেজারের ওপর থাকবে। প্রয়োজনে অন্য পদ্ধতিগুলো সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।
বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে কাট-অফ মূল্য নির্ধারণের ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, যে বিনিয়োগকারী যে দামে শেয়ার কেনার প্রস্তাব দেবেন, তাকে সেই দামেই শেয়ার নিতে হবে। এতে মূল্য নির্ধারণে বাজারের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছে কমিশন।
মিউচুয়াল ফান্ডের বরাদ্দেও পরিবর্তন আসছে। আগে মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা শ্রেণিতে বরাদ্দ থাকলেও নতুন ব্যবস্থায় সাধারণ বিনিয়োগকারী শ্রেণির মধ্যে তাদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দে লটারি পদ্ধতি চালুর কথাও জানান তিনি।
আইপিওর প্রাইস ব্যান্ড নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে মাসুদ খান বলেন, একপর্যায়ে কোনো ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা ছাড়া শুধু বিডিংয়ের মাধ্যমে দাম নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে এতে দুর্বল বিডিংয়ের ক্ষেত্রে কোম্পানি প্রত্যাশিত মূল্য না পাওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে প্রস্তাবিত ব্যবস্থায় জেনেরিক বা সাধারণ সীমা ৫০ শতাংশ রাখার চিন্তা করা হচ্ছে।
বড় কোম্পানিগুলোর আইপিওতে বুক রানার পদ্ধতি চালুর পরিকল্পনার কথাও জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকার বেশি আকারের আইপিওতে এ পদ্ধতি চালুর প্রস্তাব করা হচ্ছে।
এ পদ্ধতিতে কোম্পানি বা ইস্যু ম্যানেজার সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কেনার আগ্রহ ও প্রস্তাবিত মূল্য সংগ্রহ করবেন। এর ভিত্তিতে মূলধন সংগ্রহের পরিকল্পনা করা হবে। বড় আইপিওতে এ পদ্ধতি কার্যকর হলে মূল্য নির্ধারণ ও মূলধন সংগ্রহের প্রক্রিয়া আরও সংগঠিত হবে বলে মনে করছে কমিশন।
এ ছাড়া আন্ডাররাইটিংয়ের ক্ষেত্রে বর্তমানে ১০০ শতাংশ শেয়ার আন্ডাররাইট করার বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশের বাজার বাস্তবতায় তা চ্যালেঞ্জিং। তাই আপাতত ৫০ শতাংশ আন্ডাররাইটিংয়ের প্রস্তাব করা হচ্ছে বলে জানান তিনি।
নতুন আইপিও বিধিমালায় কোম্পানির লোকসানের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। মাসুদ খান বলেন, বিদ্যুৎকেন্দ্র, সিমেন্ট ও ইস্পাত কারখানাসহ বড় মূলধননির্ভর প্রকল্পে শুরুতে লোকসান হওয়া অস্বাভাবিক নয়। এসব প্রকল্পের বাস্তবতা বিবেচনায় নিয়ে আইপিওর শর্তে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।
বিশেষ করে কোনো কোম্পানি ভবিষ্যতে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো তৈরির সক্ষমতা দেখাতে পারলে নির্দিষ্ট ক্ষেত্রে আইপিওতে আসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ ধরনের ছাড়ের ক্ষেত্রে কোম্পানির আর্থিক সক্ষমতা ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় রাখা হবে।
তিনি আরও বলেন, কোম্পানিগুলোর আইপিওতে আসার ক্ষেত্রে শুধু নতুন মূলধন সংগ্রহ নয়, বিদ্যমান শেয়ার বিক্রির প্রয়োজনও থাকে। এ কারণে নতুন বিধিমালায় আইপিও এবং অফার ফর সেল (ওএফএস) একসঙ্গে করার সুযোগ বা হাইব্রিড পদ্ধতি রাখা হচ্ছে।
বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে ডিরেক্ট লিস্টিংয়ের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, অনেক বড় কোম্পানি আইপিওতে আসতে চায় না। তাদের মূলধনের প্রয়োজন না থাকলেও তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানির বাজারমূল্য নির্ধারণ, ভবিষ্যতে মূলধন সংগ্রহ এবং শেয়ারহোল্ডারদের বিনিয়োগ থেকে বের হওয়ার সুযোগ তৈরি হয়।
তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাজারে লেনদেনযোগ্য হওয়ায় মালিকানা হস্তান্তর ও উত্তরাধিকারসংক্রান্ত জটিলতা কমাতেও এটি সহায়ক হতে পারে। এ কারণে বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্তিতে উৎসাহিত করা হচ্ছে।
বর্তমানে স্পন্সর ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা রয়েছে। এ নিয়ম শিথিল করে তাদের নিজেদের মধ্যে শেয়ার হস্তান্তরের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কমিশন। তবে বাইরের বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির ক্ষেত্রে নিয়ন্ত্রক শর্ত থাকবে।
এ ছাড়া ৫০০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহের প্রয়োজন রয়েছে—এমন বড় কোম্পানির জন্য ডিরেক্ট লিস্টিংয়ের পাশাপাশি বুক রানার পদ্ধতি ব্যবহারের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, কমিশন প্রথমে বড় কোম্পানিগুলোকে স্বেচ্ছায় পুঁজিবাজারে আসার জন্য উৎসাহিত করছে। তবে এতে প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলে জনস্বার্থে তালিকাভুক্তি নিশ্চিত করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ জন্য সিকিউরিটিজ আইনের আওতায় নির্দিষ্ট সীমার বেশি মূলধন সংগ্রহ বা ব্যবহার করা কোম্পানির ক্ষেত্রে কমিশনের অনুমোদন ও তালিকাভুক্তির শর্ত পুনরায় কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ‘পাবলিক ইন্টারেস্ট কোম্পানি’ বা জনস্বার্থসংশ্লিষ্ট কোম্পানির ধারণা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বড় কোম্পানিগুলো পুঁজিবাজারে এলে বাজারের মূলধন বাড়বে এবং বিনিয়োগকারীদের জন্য ভালো কোম্পানিতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। বর্তমানে দেশের পুঁজিবাজারের বাজার মূলধন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় অনেক কম। এ অবস্থায় বাজারের সরবরাহ বাড়াতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা জরুরি।
পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে মিউচুয়াল ফান্ড খাতকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মাসুদ খান।
তিনি বলেন, দেশের পুঁজিবাজারে খুচরা বিনিয়োগকারীর আধিক্য রয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে মিউচুয়াল ফান্ডের বিস্তার জরুরি। এ জন্য লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড বিক্রয় প্রতিনিধি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন বিধিমালায় কারা এ ধরনের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন, তা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি আইপিওতে মিউচুয়াল ফান্ডের বরাদ্দ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
বন্ড মার্কেট সক্রিয় করার বিষয়েও কমিশন কাজ করছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে সুকুকের মতো শরিয়াহভিত্তিক বন্ডের সেকেন্ডারি মার্কেটে লেনদেনের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে। সুকুক দেশের পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ বিনিয়োগ উপকরণ হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।
বিএসইসি চেয়ারম্যান জানান, ইন্ট্রাডে ট্রেডিং চালুর বিষয়েও কমিশন কাজ করছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ক্লিয়ারিং ও সেটেলমেন্ট অবকাঠামো প্রস্তুত থাকায় সেখানে এ কার্যক্রম চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে একজন বিনিয়োগকারী কতবার শেয়ার কেনাবেচা করতে পারবেন, অ্যাকাউন্টে শেয়ার থাকার বাধ্যবাধকতা এবং ব্রোকারদের গ্যারান্টি-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
অন্যদিকে আইপিও আবেদন ও যাচাইয়ের প্রক্রিয়া ডিজিটাল করার জন্য ইলেকট্রনিক প্ল্যাটফর্ম প্রস্তুত রয়েছে। নতুন বিধিমালা কার্যকর হলে এ প্ল্যাটফর্ম চালু করা হবে। এতে কোম্পানির আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হবে এবং কাগজপত্রের জটিলতা কমবে।
আইপিও আবেদন যাচাইয়ের ক্ষেত্রে ‘এক্সটেন্ডেড অডিট’ বা বিস্তৃত নিরীক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ ব্যবস্থায় নিরীক্ষক শুধু আর্থিক বিবরণীর তথ্য যাচাই করবেন না, বরং কোম্পানির সম্পদ ও সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতাও যাচাই করবেন। তবে এতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব কমবে না; নিরীক্ষক ও ইস্যু ম্যানেজার উভয়কেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
মাসুদ খান বলেন, কমিশন দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছে, যাতে বিএসইসি বা স্টক এক্সচেঞ্জের কারণে কোনো কোম্পানির আবেদন প্রক্রিয়ায় অযথা বিলম্ব না হয়। বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments