ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাঠের লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগেই কথার লড়াই জমিয়ে তুলেছে ফ্রান্স ও স্পেন। এক দল অন্য দলকে খানিকটা সমীহ করলেও মাঠে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিপক্ষকে আটকাতে দুই দলই আটছে শেষ সময়ে ফন্দিফিকির। তবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তির দ্বৈরথের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দিলেন, রক্ষণাত্মক নয়, বরং ‘ফ্রন্ট ফুট’ বা আগ্রাসী ফুটবল খেলেই ফ্রান্সকে হারাতে চান তারা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা ফ্রান্সকে খুব খুঁটিয়ে বিশ্লেষণ করেছি। একে অপরকে আমরা বেশ অনেক দিন ধরেই চিনি। ওদের দলে যেমন দারুণ সব খেলোয়াড় আছে, আমাদেরও আছে। এখন আমাদের নিজেদের সেরা গুণগুলো মাঠে ঢেলে দিতে হবে এবং প্রতিপক্ষের শক্তিকে রুখে দেওয়ার চেষ্টা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘মাঠে যে দল সবচেয়ে ভালোভাবে নিজেদের ভারসাম্য বজায় রাখতে পারবে, জয়টা সাধারণত তাদের দিকেই ধরা দেবে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থেকে নিজেদের খেলার ধরনটা ওদের ওপর চাপিয়ে দিতে চাইব।’
১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের আগে ফ্রান্সের বিপক্ষে অতীতের সুখস্মৃতি নিয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছে স্পেন। ২০২৪ সালে ইউরো সেমিফাইনালের পর ২০২৫ সালে উয়েফা নেশনস লিগেও ফরাসিদের পরাজয়ের গ্লানি উপহার দিয়েছিল ফুয়েন্তেরা শিষ্যরা।
তবে অতীতের সেই স্মৃতি ভুলে ফ্রান্সকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন স্প্যানিশ কোচ। নেশনস লিগের সেমিফাইনালের সেই দলের তুলনায় ফ্রান্সের বর্তমান দলকে শক্তিশালী উল্লেখ করে ফুয়েন্তে বলেন, ‘আমার কাছে মনে হয়, তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। কারণ, ওদের দলের ফুটবলাররা এখন আরও অনেক অভিজ্ঞ হয়েছে। এখন তারা আগের চেয়ে অনেক ভালো ফুটবল খেলছে। গত দুই বছরে নিজেদের দক্ষতা অনেক বাড়িয়ে নিয়েছে তারা।’
স্টুটগার্টে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল স্পেন। সেখানে স্পেন ৫-১ গোলে এগিয়ে থাকার পরেও ফ্রান্সের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ম্যাচটি ৫-৪ ব্যবধানে শেষ হয়েছিল। তবে দে লা ফুয়েন্তে মনে করেন, বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি হবে সম্পূর্ণ ভিন্ন। তার ভাষ্য, ‘আমরা দুটি সম্পূর্ণ ভিন্ন ম্যাচ নিয়ে কথা বলছি। আগামীকালকের ম্যাচটি আরেকটি সেমিফাইনাল। আমি শুধু আগের ইতিবাচক দিকগুলোর পুনরাবৃত্তি করতে চাই। সেবার আমরা ৫-১ এ এগিয়ে থাকার পরও কয়েক মিনিটের মধ্যে ওরা ৫-৪ করে ফেলেছিল। তাই আমরা যা ভালো করেছিলাম, সেটুকুই করতে চাই; আর যা ভুল ছিল, তা বর্জন করতে চাই।’
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ফুটবলারদের ওপর বাড়তি কোনো বোঝা চাপিয়ে দিতে রাজি নন স্প্যানিশ কোচ। ম্যাচের আগে শিষ্যদের উদ্দেশ্যে তার শেষ বার্তা কী হবে, তা জানতে চাওয়া হলে দে লা ফুয়েন্তে বলেন, ‘মাঠে যাও আর ম্যাচটা উপভোগ করো।’
তিনি বলেন, ‘আমাদের ঠিক সেই দলটাই হয়ে উঠতে হবে, যা হওয়ার সামর্থ্য আমাদের আছে। আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে এবং প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments