ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো দে ভিয়েদমাতে খেলতে জামাল ভূঁইয়ার মৌখিক সম্মতিটা অনেক আগেই হয়ে গিয়েছিল। কিন্তু বছরের শুরুতে তার আর্জেন্টাইন লিগে খেলার পথে বাধা হয়ে দাঁড়ায় তার বর্তমান দল শেখ রাসেল ক্রীড়াচক্র। তবে দলবদল মৌসুম শুরু হয়ে যাওয়ায় সে বাধাটা আর থাকছে না। জামালের নতুন গন্তব্য হতে চলেছে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো, এমনটাই গুঞ্জন আর্জেন্টিনার সংবাদমাধ্যমের।

আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলে ও সংবাদমাধ্যম নোতিসিয়াস জানাচ্ছে, বাংলাদেশ অধিনায়ক আসছে মৌসুমে খেলতে চলেছেন সোল দে মায়োতে। গতকাল বুধবার মেডিকেল টেস্টের জন্য ক্লাবটিতে যাওয়ার কথা তার।
বর্তমানে বাংলাদেশ ফুটবলের দলবদল মৌসুম চলছে। আর্জেন্টাইন ফুটবলের দলবদল মৌসুমও শেষ হবে চলতি মাসের শেষদিকে। ফলে দুই পক্ষের সম্মতিতে পৌঁছানোটা অস্বাভাবিক কিছু নয়। যদিও সোল দে মায়ো এখনও চূড়ান্ত কিছুই জানায়নি।
জামাল ভূঁইয়া অবশ্য বিষয়টি অস্বীকার করেননি। গতকাল ব্যক্তিগত টুইটারে তিনি একটি টুইট করেছেন, যা রহস্যের সমাধানের জায়গায় তা ঘনীভূত করেছে আরও। তিনি লেখেন, ‘আমি কোনোপ্রকার কোনো চুক্তি সই করিনি। প্রতিদিন দেখি লোকজন আমার ছবি জুড়ে দিয়ে লিখে ফেলছে, আমি নাকি এই-ওই ক্লাবে যোগ দিয়েছি। এখন আমি ছুটিতে আছি, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি।
জামালের এই টুইটের কথাগুলো জানাচ্ছে, কোথাও কোনো চুক্তি সই হয়নি তার। তবে তার সেই টুইটের লোকেশন অবশ্য বলছে ভিন্ন কথা। সেখানে দেখা যাচ্ছিল, তার বর্তমান অবস্থানটা আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে। ফলে এই টুইট তার ক্লাব-রহস্যটা আরও জটিলই করল বৈকি!
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments