ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিভারপুলের সঙ্গে ১২ বছরের সম্পর্ক ছিন্ন করে যখন জর্ডান হেন্ডারসন সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকে যোগ দেন, তখন অনেকেই ভেবেছিলেন—এটাই হয়তো তার ইউরোপিয়ান ফুটবলের শেষ অধ্যায়। কিন্তু মাত্র দেড় বছরের ব্যবধানে আবার ইংলিশ ফুটবলে ফিরছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে এবার প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিতে যাচ্ছেন হেন্ডারসন। তার সঙ্গে দুই বছরের চুক্তি করার কথা চলছে ক্লাবটির।
লিভারপুলের হয়ে একাধিক শিরোপা জেতা এই মিডফিল্ডার ২০২৩ সালের জুলাইয়ে সৌদি প্রো লিগের আল ইত্তিফাকে নাম লেখান। কিন্তু সেখানে তার সময়টা ভালো কাটেনি। মাত্র ছয় মাসের মাথায়, ২০২৪ সালের জানুয়ারিতে ইউরোপে ফিরে যান এবং আয়াক্সে যোগ দেন। তবে পারস্পরিক সমঝোতায় চুক্তির এক বছর আগেই সরে দাঁড়িয়েছে দুই পক্ষ।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ইউরোপের বেশ কয়েকটি ক্লাব হেন্ডারসনকে দলে নিতে আগ্রহী ছিল। তবে শেষ পর্যন্ত ব্রেন্টফোর্ডকেই বেছে নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার।
প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকার পর, ২০২৪ সালের মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের দলে তাকে ফেরান ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। নতুন করে প্রিমিয়ার লিগে ফেরায় আগামী বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে তিনি আবারও দৃঢ়ভাবে হাজির হতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছেন হেন্ডারসন, যদিও সদ্য সমাপ্ত ইউরো ২০২৪-এর দলে ছিলেন না তিনি।
বিবিসির তথ্য অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই ব্রেন্টফোর্ডের সঙ্গে তার চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গত মৌসুমে ক্লাবটি ৫৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছিল দশম স্থানে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments