ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনের মঞ্চে এবার প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নেবেন তিনি। এ বিষয়টি নায়ক নিজেই নিশ্চিত করেছেন।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের মিলনমেলায় পরিণত হবে ফোবানা সম্মেলন। সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নৃত্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এবারের সম্মেলন।
জায়েদ খানের অংশগ্রহণ এবারের আয়োজনকে আরও জমজমাট করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের আয়োজনে অংশ নিয়ে দর্শকদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে এই অভিনেতাকে। এবার ফোবানার মতো বৃহৎ আয়োজনে প্রথমবারের মতো তার উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করেছে।
তিন দিনের এই সম্মেলনে জায়েদ খান ছাড়াও বাংলাদেশের আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অংশ নেবেন। তাদের গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠবে ফোবানার মঞ্চ।
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই দীর্ঘদিন ধরে আয়োজন করা হচ্ছে ফোবানা সম্মেলন। প্রতি বছর যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পীসহ সংস্কৃতি অঙ্গনের অনেক তারকা অংশ নেন।
এবারের ৪০তম আসর ঘিরেও এরই মধ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অরল্যান্ডোর মঞ্চে জায়েদ খানের প্রথম অংশগ্রহণ সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments