ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্যহার নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকারি ও বেসরকারি এলপিজির মূল্যহার এবং বিভিন্ন পর্যায়ের চার্জ পরিবর্তনের প্রস্তাব নিয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের বিদ্যমান মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) কমিশনে প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে, বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, পরিবেশক চার্জ এবং খুচরা বিক্রেতার চার্জসহ ভোক্তাপর্যায়ের মূল্যহার পরিবর্তনের জন্য কয়েকটি লাইসেন্সধারী প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে।
এ ছাড়া পরিবেশক চার্জ পরিবর্তনের জন্য কয়েকটি এলপিজি পরিবেশক প্রতিষ্ঠানও কমিশনে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষগুলোর মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়েছে।
গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে কমিশনে লিখিত বক্তব্য বা মতামত পাঠাতে বলা হয়েছে।
একই সময়সীমার মধ্যে গণশুনানিতে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধনের অনুরোধও জানিয়েছে বিইআরসি।
এর আগে গত ৪ অক্টোবর দেশে এলপিজির দাম বাড়ায় বিইআরসি। ওই দিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। সেদিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়।
এবারের গণশুনানিতে জমা পড়া প্রস্তাব ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনা করে কমিশন মূল্যহার পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে হয়রানির প্রতিবাদে ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments