ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ির ওপর দিয়ে সড়ক নির্মাণের কাজ আগামী আট সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত অবমাননার মামলার কার্যক্রমও আট সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ চালানোর ঘটনায় কক্সবাজারের জেলা প্রশাসক, প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালতের আগের নির্দেশনা অমান্যের অভিযোগ ওঠে। এ ঘটনায় আদালত অবমাননার মামলা করা হয়। একই বিষয়ে বেলার পক্ষ থেকেও একটি রিট আবেদন করা হয়েছিল। এসব আবেদনের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।
তিনি বলেন, আদালতের নির্দেশ অমান্য করে বালিয়াড়িতে নির্মাণকাজ চালানোর খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আদালত অবমাননার মামলা করে। পাশাপাশি প্রকল্পটির কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে বেলা রিট আবেদন করে।
মনজিল মোরসেদ আরও জানান, জনস্বার্থে করা এইচআরপিবির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ এর আগে রুল জারি করেছিলেন। পরবর্তী শুনানি শেষে ২০১১ সালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখার পাশাপাশি বালিয়াড়িতে নির্মিত সব ধরনের স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত।
আদালতের ওই নির্দেশের পর বালিয়াড়িতে নির্মিত বিভিন্ন স্থাপনা দুই দফায় উচ্ছেদও করা হয়।
তবে এরপরও কক্সবাজার পৌরসভা বালিয়াড়ির ভেতর দিয়ে সড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। এর পরিপ্রেক্ষিতেই আদালত অবমাননার অভিযোগ এবং নির্মাণকাজ বন্ধের বিষয়ে নতুন করে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।
বুধবারের আদেশে হাইকোর্ট বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত অবমাননার মামলাটিও একই সময়ের জন্য মুলতবি করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments