ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৩ দশমিক ৯৮ থেকে ২৮ দশমিক ০৩ ডলার দরে এসব এলএনজি কেনা হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি কেনার প্রস্তাবগুলো কমিটির কাছে উপস্থাপন করে।
অনুমোদিত চার কার্গোর মধ্যে তিনটি ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) ১০৫(৩)(ক) বিধি অনুসারে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় কেনা হবে। অন্য কার্গোটি সরকার-টু-সরকার ব্যবস্থায় সৌদি আরবের আরামকোর ট্রেডিং শাখা থেকে কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আন্তর্জাতিক কোটেশনের আওতায় ৪৯তম এলএনজি কার্গোটি ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহ করবে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর। এতে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৭ দশমিক ৫৪ ডলার।
৫০তম কার্গোটি ১ থেকে ২ অক্টোবরের মধ্যে সরবরাহ করবে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার ব্যয় হবে।
এ ছাড়া ৫১তম কার্গোটি ৫ থেকে ৬ অক্টোবরের মধ্যে সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৬ দশমিক ৬৬৮৮ ডলার।
সংশ্লিষ্ট দর অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এই তিন কার্গো কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।
অন্যদিকে, সরকার-টু-সরকার ব্যবস্থার আওতায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৩ দশমিক ৯৮ ডলার।
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও পেট্রোবাংলার মধ্যে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এলএনজি এসপিএ) ৭.২(খ) ধারা অনুযায়ী অতিরিক্ত এই এলএনজি কেনা হবে। আগামী ১০ সেপ্টেম্বর কার্গোটি সরবরাহের কথা রয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় এটিকে ‘অতিরিক্ত পরিমাণ’ হিসেবে কেনা হবে।
দেশে প্রাকৃতিক গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদনে ঘাটতি থাকায় জ্বালানি চাহিদা পূরণে আমদানি করা এলএনজির ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এলএনজি আমদানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments