ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মেয়েদের বেতন-ভাতা, আবাসন এবং খাবারের মান নিয়ে অতীতে অনেক অভিযোগ উঠেছে। আর্থিক দিক চিন্তা করে অনেক সময় মেয়েদের ভালো মানের খাবার না দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। অনেক সময় মেয়েদের পাতে নাকি পাঙাশ মাছ উঠেছে। সিনিয়রদের পর অনূর্ধ্ব-২০ বয়সী মেয়েরা বাংলাদেশকে এশিয়ান কাপে নেওয়ার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে তাদের কম সুযোগ-সুবিধা নিয়ে। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয় মেয়েদের।
গত জুন-জুলাইয়ে ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমারা প্রথমবারের মতো বাংলাদেশকে নিয়ে গিয়েছেন এশিয়ান কাপে; যা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায়। রোববার লাওসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলেও সেরা তিন রানার্সআপের একটি হয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলার টিকিট কেটেছেন আফঈদা খন্দকার-স্বপ্না রানীরা। পরপর দুটি দল এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করার পর আলোচনায় উঠে এসেছে তাদের খাবার এবং অন্যান্য বিষয়ের মান নিয়ে।
গতকাল বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে এসব বিষয় পরিষ্কার করেন কিরণ, ‘পুষ্টিহীনতার কথায় আমি একমত হবো না। বাফুফের ডরমিটরিতে যে খাবার দেওয়া হয়, সেটি পুষ্টিবিদ দিয়ে ডায়েট চার্ট করা। অনেকেই বলেন যে আমরা এখানে পাঙাশ মাছ খাওয়াই। আমরা এক দিনও পাঙাশ মাছ খাওয়াই না। বেশির ভাগ সময় রুই মাছ থাকে। থাকে মুরগি, গরু, খাসি ও ডিম। ইলিশ ও পাবদা খেতে চাইলে দেওয়া হয়। প্রতিদিন তো এমন খাবারই দেওয়া হয়। কেন মিথ্যা নিউজ করা হয়। মেয়েরা যদি ঠিকমতো খেতেই না পারে তাহলে তো শক্তি থাকবে না। ৯০ মিনিট খেলতেই পারবে না। ওরা তো ৯০ মিনিট একই ছন্দে খেলে। না খেয়ে খেলে? পাঙাশ মাছ খেয়ে খেলে? না, তাদের পুষ্টি আমরা নিশ্চিত করি। ছোটবেলা থেকে তাদের যে সমস্যা ছিল, সেটি তো আমরা কাটাতে পারব না।
২০২৬ সালের মার্চ এবং এপ্রিলে দুটি এশিয়ান কাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। এখন থেকেই তাই কাজ শুরু করতে চান কিরণ। ইঙ্গিত দিয়েছেন জাপানে বাংলাদেশের মেয়েদের ক্যাম্প করার, ‘আমরা সিনিয়র-জুনিয়র দুই দলকে নিয়ে একসঙ্গে ক্যাম্প করতে চাচ্ছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments