ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহাকে অবিলম্বে গ্রেপ্তার এবং সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২১ জুন) শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে এ দাবি জানান। প্রতিনিধিদলে ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান এবং ইডেন কলেজের শিক্ষার্থী মুনিরা।

স্মারকলিপিতে যেসব দাবি তুলে ধরা হয়েছে- সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসার মাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও নবজাতক শিশুকে হত্যাকারী ডা. সংযুক্তাসহ জড়িত চিকিৎসকদের লাইসেন্স বাতিল করে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আঁখির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
শুধু ইডেন কলেজের শিক্ষার্থী আঁখি নন, সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসার কারণে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী আফিয়া জাহানের মৃত্যু হয়। সে ঘটনায় সেন্ট্রাল হসপিটালের তৎকালীন পরিচালককে গ্রেপ্তার করা হয়।
ভুল চিকিৎসায় আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেজন্য সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিল করতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments