ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষাকাল এলেই ডেঙ্গু জ্বরের আক্রান্ত হওয়ার সম্ভবনা বেড়ে যায়। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে গেলো ২৪ ঘণ্টায় ৬০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হতে হবে।

ডেঙ্গুর উপসর্গগুলো-
ডেঙ্গু এবং কোভিড এই দুই রোগের প্রাথমিক উপসর্গ হলো জ্বর। দুই জ্বরের কিছু উপসর্গে মিল আছে। তাই ডেঙ্গু না কোভিড থেকে জ্বর হচ্ছে বুঝতে সমস্যা হতে পারে। অবশ্য কয়েকটি লক্ষণের ভিত্তিতে প্রাথমিকভাবে ডেঙ্গু হলে জ্বরের সঙ্গে গাঁটে গাঁটে ব্যথা ছাড়াও পেশিতে, মাথায়, চোখের পেছনে ব্যথা হতে পারে। পাশপাশি ত্বকে র্যাশ দেখা দিতে পারে। করোনায় এ ধরণের উপসর্গ সাধারণত থাকে না। কোভিডে জ্বরের সঙ্গে হাঁচি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। ডেঙ্গুতে আবার এমন উপসর্গগুলো নেই।
ডেঙ্গু থেকে রক্ষা পেতে করণীয়-
*নিজের ও পরিবারের সুরক্ষা নিজেরই কাছে। বাড়ির চারপাশে বৃষ্টির পানি জমতে দেওয়া চলবে না। টব, বাতিল টায়ার, পাস্টিকের বোতল ইত্যাদির ভেতর পানি জমে মশা বংশ বিস্তার করতে পারে। তাই এগুলো ফেলে দিন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।
*দিনে-রাতে যখনই ঘুমাবেন তখন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন।
*মশা সুযোগ পেলেই ঘরে ঢুকে কামড়ে দিতে চায়। কিন্তু একদম সকালে ও সন্ধ্যার সময়টাতে বেশি সংখ্যক মশা ঘরে প্রবেশ করে। এই সময়টায় দরজা-জানলা বন্ধ রাখুন।
*আলমারির পেছন, খাটের তলায়, ঘরের অন্ধকার কোণগুলোতে মশা বিশ্রাম নেয়। এই জায়গাগুলোকে পরিষ্কার রাখুন।
*জ্বর হলে অবহেলা করবেন না। চিকিৎসকের শরাণাপন্ন হবেন। তিনিই রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন।
ডেঙ্গুর চিকিৎসা-
ডেঙ্গু হলে রক্তচাপ কমে যেতে পারে, মাড়ি, ত্বক বা অন্য কোনো অঙ্গ দিয়ে অস্বাভাবিক রক্তপাত হলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। প্রয়োজনে স্যালাইন নিতে হতে পারে। জ্বর ও গায়ে ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারেন। বিশ্রামের পাশাপাশি পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। সবচেয়ে উদ্বেগজনক হলো, কোভিড ও ডেঙ্গু একসঙ্গে হতে পারে। আর এমনটা ঘটলে রোগ খারাপ দিকে পৌঁছে যাওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। তখন রোগীকে বাসায় না রেখে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাই ভালো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments