ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। গতকাল সোমবার ৯১ বছর বয়সে ভারতের মহারাষ্ট্রের ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শারীরিক জটিলতার কারণে তিনি কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। বাণিজ্যিক কিংবা সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের চলচ্চিত্রেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।
তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।
২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস ছবিতে অধ্যাপকের চরিত্রে তার সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘুরে বেড়ায়।
শুধু সিনেমাই নয়, ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আহত (১৯৯৫-২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না (জি মারাঠি)-তে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।
অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদারের জীবন ছিল একেবারেই ভিন্নপথে। মধ্যপ্রদেশের রেওয়ায় শিক্ষকতা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করেন। ১৯৯২ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর মাত্র ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার অভিনয়যাত্রা।
অচ্যুত পোতদারের মৃত্যুতে বলিউড, মারাঠি চলচ্চিত্র অঙ্গন এবং টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments