
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে ব্যাপক দরপতনের প্রতিবাদে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতিঝিল ভবনের সামনে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা এতে অংশগ্রহণ করেন। আজ ২৫ অক্টোবর সূচকের শতাধিক পয়েন্টের পতন হলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। বাজারকে টেনে অনতিবিলম্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিনিয়োগকারীরা।
এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ.কে.এম মিজান-উর-রশিদ চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি সমন্বয় হয়ে কাজ না করলে এ বাজার কখনোই ঠিক হবে না। পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত এমন কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংককে বিএসইসির সঙ্গে পরামর্শ করতে হবে। তা না হলে এ বাজার কখনোই ঠিক হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, আজ দুপুর ১২টায় ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩১৫টির আর ২৫টির দর অপরিবর্তিত ছিল। আর দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৬ কোটি টাকার।
গত কয়েকদিন ধরে শেয়ারবাজার পতনের মধ্যে রয়েছে। এই বাজার সাত কার্যদিবস পর গত বৃহস্পতিবার উত্থানে ফিরলেও রবিবার (২৪ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবস আবার বড় পতন হয়। তবে সোমবার (২৫ অক্টোবর) আড়াই ঘন্টার ১৬৪ পয়েন্টের পতন সব ছাড়িয়ে যায়। এদিকে এরইমধ্যে ১০ অক্টোবরের ৭৩৬৮ পয়েন্টের সূচক আজ দুপুর ১২টা ৩৬ মিনিটে ৬৮৪১ পয়েন্ট নেমে যায়। এক্ষেত্রে সূচক কমে ৫২৭ পয়েন্ট বা ৭ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments