ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তরুণ বয়স থেকেই স্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করতে এবং প্রতিরোধে জোর দেওয়ার জন্য বাংলাদেশের চিকিৎসক, নার্সিং সংশ্লিষ্ট ব্যক্তি, মিডিয়া কর্মী, নারী সংগঠন এবং বিভিন্ন শিল্প সংস্থা কর্মীদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দিতে চায় ভারতের মনিপাল হাসপাতাল। এই কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যেই করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ভারতের মনিপাল হাসপাতালের আয়োজনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মনিপাল হাসপাতাল কিছু শিক্ষামূলক প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে। এই প্রোগ্রামগুলোর লক্ষ্য হলো সবার জন্য একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে সাহায্য করা।
মনিপাল হাসপাতাল আয়োজিত প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ডিজিটাল রোবোটিক্স প্রোগ্রাম, সার্জারিতে রোবোটের ব্যবহার, অঙ্গ প্রতিস্থাপনে অগ্রগতি, সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রোটোকল, এসিএলএস এবং বিএলএস প্রশিক্ষণ, হাতের পরিচ্ছন্নতা সম্পর্কিত অভ্যাস, সুচের আঘাত থেকে প্রতিরোধ, বায়ো-মেডিকেল ওয়েস্ট (বিএমডব্লিউ) প্রশিক্ষণ, ব্যারিয়ার নার্সিং টেকনিক, নিরাপদ ইনফিউশন সম্পর্কিত অনুশীলন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে সেরা অনুশীলন, চাপজনিত ঘা প্রতিরোধসহ আরও সচেতনতামূলক আলোচনা এবং কর্মশালা এতে অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনযাপনের কৌশল, প্রবীণদের কার্ডিয়াক স্বাস্থ্যজনিত সমস্যার সমাধান, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপে করণীয়, ব্যক্তিগত ফিটনেস লেভেল পর্যবেক্ষণ, স্তন ক্যান্সার সচেতনতা এবং মহিলাদের স্বাস্থ্যের বিষয়গুলো।
মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি ভিকাস তায়েব বলেন, গত কয়েক বছর ধরে, আমরা রোগীদের আরও ভাল সেবা দিতে আমাদের চিকিৎসা পদ্ধতি উন্নত করার এবং প্রতিরোধমূলক অনুশীলনের ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করেছি। স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির দ্রুত উন্নতি সাধন হচ্ছে, চিকিৎসকরা নিজেদেরকে সাম্প্রতিক অগ্রগতির সঙ্গে নিজেদের ভালভাবে দক্ষ করে তুলছেন কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এই উদ্যোগটি শুধুমাত্র আমাদের বিশেষজ্ঞদেরই নয়, সমগ্র বিশ্বের সব চিকিৎসা কর্মীদের যে কোনও পরিস্থিতি নিখুঁতভাবে পরিচালনা করতে এবং রোগীদের প্রয়োজনগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত করতে সতর্কতার সঙ্গে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামগুলো বাংলাদেশের মেডিকেল সদস্যদের তাদের দক্ষতা বৃদ্ধি করতে এবং হাসপাতালের প্রক্রিয়াগুলোকে আরও কার্যকর করতে সহায়তা করবে।
ভিকাস তায়েব বলেন, ভালো কোনো বিষয় প্রচারে মিডিয়ার অনেক বড় ভূমিকা থাকে। বাংলাদেশের মিডিয়ার সঙ্গে এক হয়ে আমরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। যা বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে আরও সমৃদ্ধ করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মায়নুল হাসান সোহেল বলেন, মনিপাল হাসপাতাল দীর্ঘ ৭০ বছর যাবত স্বাস্থ্য সেবা দিচ্ছে। ভারত ও বাংলাদেশ যখন এক ছিল তখন থেকে এই হাসপাতাল চিকিৎসা সেবা দিচ্ছে। মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির যারা সদস্য আছেন তাদেরকে হেলথ কার্ডের ব্যবস্থা করবেন। এজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments