ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে শুধু একটি দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ নয়, বরং বিশ্বের সব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি।
শনিবার (২২ আগস্ট) ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইসমাইল বাঘেয়ি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর বহিঃরাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা। তার মতে, কোনো দেশেরই বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান কিংবা বিমানবন্দরকে অন্য কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত রাখতে বাধ্য করার অধিকার নেই।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠান নিজ নিজ দেশের সার্বভৌম এখতিয়ারের অধীনে পরিচালিত হয়। ফলে তৃতীয় কোনো দেশের পক্ষ থেকে তাদের বৈধ বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বাঘেয়ির দাবি, এ ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। একই সঙ্গে এগুলো জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় উল্লেখ করা রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার মৌলিক নীতিরও লঙ্ঘন।
অর্থনৈতিক চাপ প্রয়োগকে তিনি একটি আন্তর্জাতিক অপরাধ ও অন্যায় কাজ হিসেবে উল্লেখ করেন। বাঘেয়ি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত হলে অন্যান্য দেশের সার্বভৌমত্ব একটি শক্তিশালী দেশের ইচ্ছা ও খেয়ালখুশির ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।
মার্কিন আগ্রাসনের সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, এ ধরনের ভয়ভীতি ও চাপের কাছে নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্ব পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে এটি প্রকাশ্য ও পূর্ণাঙ্গ ঔপনিবেশিকতার বিপজ্জনক প্রত্যাবর্তনের পথ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments