ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রুফটপ সোলারের বিস্তার, স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং দেশব্যাপী কার্যকর সোলার সেবা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে বিদ্যুৎ বিভাগ।
রুফটপ সোলারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়ার পাশাপাশি কর ও শুল্ক সুবিধা, সহজ শর্তে স্বল্পসুদের ঋণ এবং নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ অর্থায়নের সুযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পরিকল্পনার আওতায় জেলা ও অঞ্চলভিত্তিক যোগ্য সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। এসব প্রতিষ্ঠান রুফটপ সোলারসহ বিভিন্ন নবায়নযোগ্য প্রযুক্তি স্থাপনে কারিগরি সহায়তা, বিনিয়োগ ও ব্যবসায়িক প্যাকেজ, গ্রাহকসেবা এবং রক্ষণাবেক্ষণ সুবিধা দেবে। এ উদ্দেশ্যে দেশের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বৃহস্পতিবার সারাদেশে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সুযোগ পাবেন স্থানীয় ও তরুণ উদ্যোক্তারা
নতুন এই ব্যবস্থায় স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ ও নারী উদ্যোক্তা এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক দক্ষতা বাড়াতে পারবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সার্ভিস প্রোভাইডার বাছাই করা হবে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায়। একক প্রতিষ্ঠান ছাড়াও যৌথ উদ্যোগে আবেদন করার সুযোগ থাকবে। এতে নতুন ও স্থানীয় উদ্যোক্তাদের অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ আরও বাড়বে।
সরকারের অন্যতম লক্ষ্য হলো রুফটপ সোলারের ব্যবসাকে শুধু বড় কোম্পানি বা বড় শহরকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়া। এর ফলে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও বৈচিত্র্যময় সেবা ও বিনিয়োগ প্যাকেজ তৈরি হবে এবং সার্ভিস প্রোভাইডারদের মধ্যেও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে বলে আশা করছে সরকার।
গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বিশেষ গুরুত্ব
রুফটপ সোলারে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা, কর ও শুল্ক ছাড় এবং সহজ ও কম সুদের অর্থায়নের পাশাপাশি নতুন ও উদ্ভাবনী ব্যবসার জন্য স্টার্টআপ ফান্ডিংয়ের সুযোগ বাড়ানোর বিষয়েও কাজ চলছে। বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী এলাকার গ্রাহক এবং উদ্যোক্তাদের এই কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে রুফটপ সোলার থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।
সরকারের এই কৌশলপত্রের মূল উদ্দেশ্য হলো নিরাপদ, সাশ্রয়ী, টেকসই ও কম-কার্বনভিত্তিক জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং জলবায়ু সহনশীল উন্নয়ন এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনবল, স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শক্তিশালী সেবা নেটওয়ার্ক তৈরি করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ।
সরকারের প্রত্যাশা, নতুন উদ্যোগের ফলে রুফটপ সোলার শুধু দেশের জ্বালানি রূপান্তরের অন্যতম মাধ্যম হিসেবেই নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্থানীয় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র হিসেবেও বিকশিত হবে।
পঞ্চগড় থেকে পটুয়াখালী কিংবা কুড়িগ্রাম থেকে কক্সবাজার—দেশের প্রতিটি অঞ্চলের ব্যবসায়ী, তরুণ ও নারী উদ্যোক্তাকে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাময় বাজারের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments