ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মুহূর্তে চট্টগ্রামে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে গতকাল সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা পেয়েছে নাজমুল হাসান শান্তরা। শনিবার স্বাভাবিকভাবেই কোন অনুশীলন রাখা হয়নি। বিশ্রামের দিন হোটেলে বসেই পার করছেন মাহমুদউল্লাহ। এমন আয়েশি দিনে তাকে হয়ত ঘিরে ধরল পুরনো স্মৃতি।

জিম্বাবুয়ের বিপক্ষে গতকালের ম্যাচে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের ‘প্রতিনিধি’ ছিলেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বিশ্রামের দিনে সাকিব-মাশরাফি-তামিমদের মনে করেছেন জাতীয় দলের এই সাইলেন্ট কিলার। সামাজিক মাধ্যমে তাই ২০১৯ সালের একটা ছবি শেয়ার না করে থাকতে পারলেন না মাহমুদউল্লাহ। ২০১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ট্রফি জয়ের আগে হোটেলে ক্যামেরাবন্দী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে মাহমুদউল্লাহ লেখেন, ‘কী সুন্দর মুহূর্ত ছিল। চলো আমরা মুহূর্তগুলো ফিরিয়ে আনি।’
সেদিন হোটেলে এক রুমে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম হাসিমুখে ফ্রেমবন্দী হয়েছিলেন। মাশরাফির নেতৃত্বাধীন তখনকার দলটির মাঠে এবং মাঠের বাইরে দারুণ সময় কাটানোর প্রতিচ্ছবি যেন এই ছবি। ক্যারিয়ারের শেষ সময়ে এসে তাই অতীতের সুখকর মুহূর্তগুলো হাতরাচ্ছেন মাহমুদউল্লাহ।
বর্তমান স্কোয়াডে ছবির পাঁচজনের মধ্যে দলে আছেন কেবল তিনি। ঢাকায় শেষ দুই ম্যাচে হয়ত যোগ দেবেন সাকিব। বিশ্বকাপেও এই পাঁচজন থেকে কেবল তাদের দুজন থাকবেন। মাশরাফি আন্তর্জাতিক খেলা ছেড়েছেন বেশ আগে। টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসরে গেছেন তামিম ও মুশফিকও। মুশফিক বাকি দুই সংস্করণ খেললেও তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরার আভাস দেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments