ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে নিজের পদ থেকে পদত্যাগ করলেন প্রধান বিচারপতির ওবায়দুল হাসান। শনিবার দুপুর ১টার মধ্যে শিক্ষার্থীরা তাকে ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার পর প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নেন।

আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে তা স্থগিত ঘোষণা করেছেন তিনি।
এই ফুলকোর্ট সভা ডাকাকে ‘জুডিশিয়ারি ক্যু’ সন্দেহ করে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
সকাল ১১টার দিকে হাইকোর্ট চত্বরে তিনি বলেন, পদত্যাগ না করলে আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করবো।
সূত্রমতে, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে।
প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments