ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে অহরহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনায় প্রাণহানিসহ দগ্ধ বা আহত হয়ে অনেকে সারাজীবনের জন্য কাজ করার ক্ষমতা হারাচ্ছেন। তবুও ত্রুটিপূর্ণ, মানহীন গ্যাস সিলিন্ডার বা এর ভুল ব্যবহারের বিষয়ে টনক নড়ছে না কারও। বরং কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজধানীজুড়ে ফুটপাতের ওপর গ্যাস সিলিন্ডার ও চুলা পাশাপাশি রেখে রান্নাবান্না চালাচ্ছে হোটেল-রেস্তোরাঁগুলো।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সিলিন্ডারের পাশেই চুলা রাখলে বিস্ফোরণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। রাজধানীজুড়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ফুটপাতের পাশে সিলিন্ডার ও চুলা একসঙ্গে রেখে রান্নাবান্না করায় তাদের কর্মচারী থেকে শুরু করে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষও ঝুঁকিতে আছে।
সম্প্রতি মোহাম্মদপুর, রায়েরবাজার, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, আজিমপুর, পুরান ঢাকাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে ভুলভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের এই চিত্র ব্যাপকভাবে দেখা গেছে।
সিলিন্ডার ও চুলা পাশাপাশি রেখেই দৈনন্দিন রান্নাবান্না চলে মোহাম্মদপুরের এলএফসি রেস্টুরেন্টে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে এর মালিক দাবি করেন, তাঁরা দীর্ঘদিন এভাবেই কাজ করছেন; কখনও দুর্ঘটনা ঘটেনি। যদি আগুন লাগে, তাহলে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। এর আগে কেউ বলেনি। পরে তিনি চুলার কাছ থেকে সিলিন্ডার নিরাপদ দূরত্বে সরিয়ে রাখার প্রতিশ্রুতি দেন।
রায়েরবাজারের সাদেক খান সড়কে দেখা যায়, ভাই ভাই হোটেলে গ্যাস সিলিন্ডার থেকে এক ফুট দূরত্বে চুলায় শিঙাড়া ভাজছেন এক ব্যক্তি। হোটেলটির ক্যাশ কাউন্টারে বসা কর্মী মো. সাব্বিরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফুটপাতে সিলিন্ডার ও চুলা রাখার বিষয়ে মালিক বলতে পারবেন।
তিনিও জানান, তাঁদের হোটেলেও অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। শুধু এ দুই এলাকা নয়, আশপাশের পাড়া-মহল্লাগুলোতেও একই চিত্র দেখা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে দেশে ১১৮টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন, আহত হন ৬৯ জন। আর্থিক ক্ষতি হয় ১২ কোটি টাকারও ওপরে। পরের বছর দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫৭-তে। প্রাণ হারান অন্তত ১০ জন, আহত হন ১০৭ জন। আর্থিক ক্ষতি হয় প্রায় চার কোটি টাকা। ২০২১ সালে দেশে ৮৯৪টি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০২২ সালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনে ৩০ জন আহত ও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এ পরিসংখ্যানের বাইরে দুর্ঘটনার সংখ্যা আরও বেশি বলে মনে করেন অনেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments